শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      
আন্তর্জাতিক
চীন-যুক্তরাষ্ট্র-রাশিয়ার ‘শান্তি ঘোষণা’, পারমাণবিক যুদ্ধ না করার অঙ্গীকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:১৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক নজিরবিহীন ত্রিপক্ষীয় সম্মেলনে প্রতীকী ‘শান্তি ঘোষণা’ দিয়েছে। একই সঙ্গে পারমাণবিক যুদ্ধ কখনোই হওয়া উচিত নয় বলে পুনর্ব্যক্ত করেছে দেশ তিনটি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বা হ্রাস নিয়ে কোনো আলোচনার উদ্যোগ ঘোষণা করা হয়নি।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যৌথ ঘোষণার মধ্য দিয়ে তিন দিনব্যাপী ট্রাম্পের এশিয়া সফরের সমাপ্তি ঘটে। সফরে ইতিহাস সৃষ্টি ও শান্তি প্রতিষ্ঠার বিষয়ে বারবার আশাবাদ ব্যক্ত করলেও উল্লেখযোগ্য কোনো সুনির্দিষ্ট অর্জন আসেনি।

বরং সি চিন পিং ও পুতিনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর মধ্যে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ অব্যাহত থাকার মধ্যেই পুতিনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

সম্মেলনে পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন ট্রাম্প। অন্যদিকে সি চিন পিংয়ের সঙ্গে আলিঙ্গন বিনিময় করেন তিনি। এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক এবং পুতিনের সঙ্গে একাধিক সম্মেলনে অংশ নিয়েছেন ট্রাম্প। বিরোধী শক্তির নেতাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য কেউ কেউ তার প্রশংসা করলেও সমালোচকদের মতে, এতে কর্তৃত্ববাদী নেতারা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ পাচ্ছেন।

যৌথ ঘোষণায় জাতিসংঘের সংস্কার এগিয়ে নেওয়া, সব দেশের জন্য জ্বালানি পণ্যের সরবরাহ বাড়ানো এবং আন্তর্জাতিক আদালতে রাষ্ট্রীয় কর্মকর্তাদের ভোগ করা দায়মুক্তি বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তবে ঘোষণায় ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ কিংবা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের বিষয়ে কোনো উল্লেখ নেই। সম্মেলন-পরবর্তী সংবাদ সম্মেলনে পুতিন স্বীকার করেন, ঘোষণায় উচ্চাভিলাষী কোনো লক্ষ্য নির্ধারণ করা হয়নি। পাশাপাশি এর সিদ্ধান্ত মানতে কোনো দেশকে বাধ্য করা হবে না বলেও জানান তিনি।

তিন দেশের নেতারা যৌথ ঘোষণায় বলেন, ‘পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এ ধরনের যুদ্ধ কখনোই লড়া উচিত নয়।’ একই সঙ্গে পারমাণবিক ঝুঁকি কমানো এবং অস্ত্রের বিস্তার রোধে আলোচনার অঙ্গীকার করেন তারা। তবে এ বিষয়ে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।

অন্যদিকে, পারমাণবিক অস্ত্র হ্রাসে তিন দেশের মধ্যে চুক্তি নিয়ে আলোচনার কোনো উল্লেখ যৌথ ঘোষণায় নেই। ট্রাম্প তার প্রথম মেয়াদ থেকেই এ ধরনের চুক্তির পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তবে চীন বরাবরই এ উদ্যোগে আপত্তি জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় তাদের পারমাণবিক অস্ত্রের মজুত অনেক কম।

বৈঠকের শুরুতে পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এগুলো ছেড়ে দেওয়া সহজ কোনো বিষয় নয়।’

পরে এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সম্মেলনকে সফল বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘শূন্য থেকে ১০-এর মধ্যে আমি এটিকে ১২ দেব। চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে।’

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, শুক্রবার দুপুর ১২টায় (গ্রিনিচ মান সময় ১৭০০) ওয়াশিংটনে সংবাদ সম্মেলন করবেন তিনি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, ‘শান্তি সম্মেলন’ শেষে তিন দেশ কর্মপর্যায়ে নিজেদের মধ্যে সমন্বয় অব্যাহত রাখবে।

বিশ্লেষকদের মতে, চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতেই শেনজেন সম্মেলনকে গুরুত্ব দিয়েছেন তিনি।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প শেনজেন সম্মেলনকে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের চেয়েও বড় বলে মন্তব্য করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতাদের ওই বৈঠক পরবর্তী সময়ে বৃহৎ শক্তিগুলোর মধ্যে সমঝোতার প্রতীক হয়ে ওঠে।

পুতিনকে বন্ধু বলার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, ‘শত্রু হিসেবে থাকার চেয়ে চার হাজার পারমাণবিক অস্ত্রের অধিকারী কাউকে বন্ধু হিসেবে পাওয়া ভালো।’

সি চিন পিংকেও বন্ধু ও ‘অসাধারণ নেতা’ বলে উল্লেখ করেন ট্রাম্প। তবে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়ে তিনি স্বীকার করেন, নেতাদের জন্য মানসিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন।

যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাটিক দলের নেতা চার্লস শুমার এ সম্মেলনের সমালোচনা করে একে ‘ঐতিহাসিক বিব্রতকর ঘটনা’ বলে অভিহিত করেন। তার ভাষায়, ‘ছবি তোলার সুযোগের জন্য প্রতিপক্ষের সামনে নতজানু হতে ভালোবাসেন—এমন এক প্রেসিডেন্টের হাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে।’

যুক্তরাষ্ট্রভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড্যারিল কিমবল পারমাণবিক যুদ্ধ না করার অঙ্গীকারকে ইতিবাচক হিসেবে দেখলেও বলেন, শুধু বক্তব্য যথেষ্ট নয়। নিরস্ত্রীকরণ কূটনীতিতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

যৌথ ঘোষণায় রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। ইউক্রেনে কথিত যুদ্ধাপরাধের অভিযোগে তিন বছরেরও বেশি সময় আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিন ও রাশিয়ার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তবে মস্কো এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের আন্তর্জাতিক পরিচালক জোনাথন ইল বলেন, আন্তর্জাতিক রীতি ও আদালতের কর্তৃত্বের বিরুদ্ধে বড় শক্তিগুলোর অবস্থান এ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। তার ভাষায়, ‘বড় শক্তিগুলো সিদ্ধান্ত চাপিয়ে দেয়, আর ছোট শক্তিগুলো তার ভোগান্তি পোহায়।’

তার মতে, সম্মেলনের মাধ্যমে পুতিন আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা ফিরে পাওয়ার সুযোগ পেয়েছেন এবং একঘরে অবস্থান থেকে বেরিয়ে এসেছেন। অন্যদিকে ট্রাম্পের অর্জন মূলত একটি কূটনৈতিক আলোকচিত্রের সুযোগ।

হ্রদের পাশে ভিলায় বৈঠক

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের একটি হ্রদের পাশে বনঘেরা পাহাড়ি এলাকায় অবস্থিত ভিলায় বৈঠকে বসেন তিন দেশের নেতা।

বৈঠকের শুরুতে সি চিন পিং ও পুতিনকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘আমরা সত্যিই ইতিহাস সৃষ্টি করছি। আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায়নি।’

জবাবে সি চিন পিং বলেন, ‘ইতিহাস বলে, বড় শক্তিগুলো যখন সম্প্রীতির সঙ্গে বসবাস করে, তখন বিশ্বে শান্তি বিরাজ করে। আর বড় শক্তিগুলোর মধ্যে সংঘাত হলে বিশ্ব অস্থিরতায় নিমজ্জিত হয়।’

এদিকে বৃহস্পতিবার বার্লিনে বৈঠকে বসেন ইউরোপীয় মিত্রদেশগুলোর নেতারা। সেখানে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি ইউরোপকে পাশ কাটিয়ে শান্তিচুক্তির শর্ত নির্ধারণের বিরুদ্ধে সতর্ক করেন তারা।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস সাংবাদিকদের বলেন, ‘ইয়াল্টার আদলে কোনো বৈঠক শান্তি বয়ে আনবে না।’ ইউরোপকে বিভক্ত করার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি। শেনজেন সম্মেলনকে কেবল ‘ছবি তোলার আয়োজন’ হিসেবে উল্লেখ করে এর গুরুত্বও খাটো করে দেখেন মের্ৎস।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রও বোঝে, আমাদের ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।’

তার পাশে দাঁড়িয়ে ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার বলেন, ইউরোপকে সঙ্গে নিয়েই শান্তিচুক্তি করতে চান ট্রাম্প। রাশিয়াও ইউরোপের সঙ্গে বহুপক্ষীয় আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে। কুশনার জানান, বার্লিন সম্মেলনে ট্রাম্প টেলিফোনে যুক্ত হয়েছিলেন। পুতিন ও সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের পর তার বিশ্বাস, শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করলেও ইউক্রেনকে সহায়তা কমানো এবং ন্যাটো সদস্যদের নিজস্ব প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিষয়ে ট্রাম্পের অবস্থানের কারণে দুই পক্ষের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

শেনজেনে ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ হিসেবে সম্বোধন করেছেন—এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুধু কাঁধ ঝাঁকিয়ে সেখান থেকে চলে যান।

অর্থনৈতিক দিক থেকেও সম্মেলনটি পুতিনের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়ার অর্থনীতি চীনের অর্থনীতির প্রায় এক-দশমাংশ। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দেশটির অধিকাংশ প্রতিষ্ঠান পশ্চিমা বাজারে ব্যবসা করতে পারছে না।

পুতিন বলেন, আঞ্চলিক সংঘাত নিরসনে তিন দেশের মধ্যে অনেক অভিন্ন স্বার্থ রয়েছে। এর মধ্যে ইউক্রেন সংঘাতও রয়েছে।

সম্মেলনকে ইয়াল্টার সঙ্গে তুলনা করার সমালোচনা প্রত্যাখ্যান করে পুতিন বলেন, ওই সম্মেলনে বিশ্বকে প্রভাববলয়ে ভাগ করা হয়নি; বরং বিদ্যমান বাস্তবতাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের গলফ রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ সম্মেলন। সেখানে আবারও সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক হতে পারে ট্রাম্পের। পুতিনের উপস্থিতির সম্ভাবনাও রয়েছে। তবে রাশিয়ার প্রেসিডেন্টের অংশগ্রহণ যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে।

পুতিন জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করবেন। তবে রাশিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতিও এ সিদ্ধান্তের ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে।

সূত্র: রয়টার্স 

কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  চীন-যুক্তরাষ্ট্র-রাশিয়া   শান্তি ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close