শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সশস্ত্র বাহিনী দিবসে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      
আন্তর্জাতিক
ইরান হামলা নিয়ে প্রশ্নে সরাসরি উত্তর এড়ালেন ভ্যান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে দেশটিতে হামলার সিদ্ধান্ত নেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়। এ হামলার অনুমোদন তিনি নিজে দিতেন কি না, কিংবা একই পরিস্থিতিতে আবারও হামলা চালাতেন কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গেছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে ট্রাম্পের পাশে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, ফেব্রুয়ারিতে ইরানে হামলার সিদ্ধান্ত ছিল প্রেসিডেন্টের। তার দায়িত্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করা।

ভ্যান্সের এমন বক্তব্যে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ মতপার্থক্যের বিষয়টি আবারও সামনে এসেছে। একই সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে রিপাবলিকান পার্টির ওপর যে চাপ তৈরি হয়েছে, সেটিও স্পষ্ট হয়েছে।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে ভ্যান্স সরাসরি ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি যুদ্ধের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তার ওই বক্তব্যকে অনেকেই ট্রাম্পের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখছেন। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভ্যান্সের নাম আলোচনায় থাকায় বিষয়টি রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ।

ভ্যান্স লিখেছিলেন, ‘আমাদের পরাজয়ের কারণ যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেও গত রাতে তা বলেছেন। যদি কেউ মনে করেন, এই যুদ্ধের বিনিময়ে আগামী ছয় বছরের জন্য সিনেট হারানো সার্থক ছিল, তাহলে সেই যুক্তি তুলে ধরতে পারেন।’

শুক্রবার ভ্যান্সের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ভ্যান্সের উপসংহারে তিনি অসন্তুষ্ট নন। তবে তার বক্তব্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় অনুপস্থিত ছিল। সেটি হলো, ইরানে হামলা প্রয়োজনীয় ছিল এবং একই পরিস্থিতিতে তিনি আবারও এমন সিদ্ধান্ত নিতেন—এ কথা স্বীকার করা।

ট্রাম্প বলেন, ‘আমার অধীনে যারা কাজ করেন, তাদের নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে। তবে আমি ইরানিদের চিনি। সত্যি বলতে, তারা পাগল।’

সংবাদ সম্মেলনে রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের বিনিময়ে ইরান যুদ্ধ সার্থক ছিল কি না, জানতে চাইলে ভ্যান্স সরাসরি হামলার পক্ষে অবস্থান নেননি। তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্য অবশ্যই যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। ইরান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক। দেশটির হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তা তারা প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। এমনকি নিরপরাধ হাজার হাজার কিংবা লাখো মানুষকে হত্যার মতো ঘটনাও ঘটতে পারে।

ভ্যান্স আরও বলেন, ‘আমি মনে করি, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট বলেছেন, তিনি আবারও একই সিদ্ধান্ত নেবেন। আর আমার লক্ষ্য ও দায়িত্ব হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করা।’

ইরান যুদ্ধের বিরোধিতা ভ্যান্সের দীর্ঘদিনের অবস্থান। ওয়াশিংটনের পক্ষ থেকে শান্তি আলোচনায় প্রধান দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। গ্রীষ্মে তার মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের কট্টরপন্থী নেতাদের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে ব্যক্তিগত চিঠিপত্রও পাঠিয়েছিলেন ভ্যান্স। তবে যুদ্ধ ও নির্বাচন নিয়ে তার মূল্যায়ন প্রকাশের পরপরই ট্রাম্প ওই উদ্যোগ বন্ধ করে দেন। একই সঙ্গে ভ্যান্সকে অভ্যন্তরীণ নীতিতে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে।’

এদিকে চার দিনের এশিয়া সফর শেষে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ফিরেছেন ট্রাম্প। সফরের শেষ পর্যায়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে পরিচিত দুই দেশের নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক ও উষ্ণ অভিবাদন বিনিময় নিয়ে সমালোচনা হয়েছে। চীনে পৌঁছানোর পর শি জিনপিংকে আলিঙ্গন করেন ট্রাম্প। পুতিনকে সম্বোধন করেন ‘আমার বন্ধু’ বলে।

তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা এ বৈঠককে পরিণত কূটনৈতিক নেতৃত্বের উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর নেতাদের সঙ্গেও ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখার সক্ষমতা ওয়াশিংটনের বৈশ্বিক শক্তির পরিচয় বহন করে।

ট্রাম্পের এশিয়া সফরের সময় ওয়াশিংটনে অবস্থান করলেও সফরের পক্ষে প্রচার চালিয়েছেন ভ্যান্স। সংবাদ সম্মেলনে রসিকতা করে তিনি বলেন, ট্রাম্পের সফরের সময় যুক্তরাষ্ট্রে থেকে যাওয়াটা ১৯৯০ সালের পারিবারিক কমেডি চলচ্চিত্র ‘হোম অ্যালোন’-এর মতো ছিল।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘কূটনীতিকে সত্যিকার অর্থে সুযোগ দিলে কত কিছুই না সম্ভব।’

সূত্র: রয়টার্স 


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ইরান হামলা   ট্রাম্প-ভ্যান্স   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close