পাবনার বেড়া উপজেলায় বৃশালিখা এলাকার আওয়ামী লীগ ও সওদাগরপাড়া এলাকার বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ সংঘর্ষ সন্ধ্যা পর্যন্ত অব্যাহত রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও সংঘর্ষ থামানো সম্ভব হয়নি। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয়রা জানান, থেমে থেমে সংঘর্ষে পুলিশের ভূমিকা ছিল নিরব।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাওকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থকদের অন্তত পাঁচ-সাতটি বাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে নতুন করে সংঘর্ষ শুরু হলে অসংখ্য বিএনপি নেতাকর্মী আহত হয়েছে। তবে সংখ্যা নিশ্চিত করা যায়নি।
এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বেড়া আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষের বিষয়ে আজ সকালে স্থানীয় বিএনপি সংসদ সদস্য সেলিম রেজা হাবিব বেড়া উপজেলা পরিষদে বিশেষ আইন-শৃঙ্খলা মিটিং করেছে মিটিংয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার (এসপি) ও প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সেলিম রেজা হাবিব বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়ী করে বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও এসপি আবু আশরাফ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা বলেন, দুপুর থেকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
আবু আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।’
কেকে/