শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সশস্ত্র বাহিনী দিবসে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       
দেশজুড়ে
সাংবাদিক সুরক্ষা আইনের খসড়া সরকারের কাছে, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার সুপারিশ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইনের একটি খসড়া প্রণয়ন করে সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

তিনি বলেছেন, ‘সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার নিচে না রাখার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি মফস্বল, বিভাগ, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংবাদিকদের জন্য ন্যায্য সম্মানী নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়েছে।’

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার কনফারেন্স হলে ‘গণমাধ্যমকর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আবদাল আহমদ এসব কথা বলেন।

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির (জিপিএমএস) আওতায় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের আয়োজনে এবং জেলা তথ্য অফিস, মৌলভীবাজারের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সৈয়দ আবদাল আহমদ বলেন, ‘তথ্য অধিদপ্তরের (পিআইডি) মূল কাজ হলো সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা এবং গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করা। গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবে বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সাংবাদিক সুরক্ষা আইনের একটি খসড়া প্রণয়ন করে সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে। বিষয়টি বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আলোচনাধীন রয়েছে। শিগগিরই এটি বাস্তবায়িত হবে বলে আশা করছি।’

ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এ লক্ষ্যে বিশেষ সেল গঠন এবং স্বাধীন ও জবাবদিহিমূলক কাঠামো তৈরির কাজ চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করা এবং তাদের অপতৎপরতা মোকাবিলা করা সহজ হবে।’

বর্তমান সরকারকে সাংবাদিকবান্ধব ও স্বচ্ছ উল্লেখ করে সৈয়দ আবদাল আহমদ বলেন, ‘সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন। নিয়মিত প্রেস ব্রিফিং ও মন্ত্রণালয়ের ব্রিফিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যও পাচ্ছেন তারা। ‘সবার উপরে বাংলাদেশ’ স্লোগান ধারণ করে সাংবাদিকরা দেশ, সমাজ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন বলে প্রত্যাশা করি।’

আঞ্চলিক তথ্য অফিস সিলেটের উপপ্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হাছিনা আক্তারের সভাপতিত্বে এবং তথ্য সহকারী মো. মাহমুদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা (রুটিন দায়িত্ব) উজ্জ্বল শীল ও আঞ্চলিক তথ্য অফিস সিলেটের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীন।

হাছিনা আক্তার বলেন, ‘সাংবাদিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তথ্য অধিদপ্তর কাজ করছে। ভুয়া ও ফেসবুককেন্দ্রিক সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। মিথ্যা তথ্য ও ভুয়া ফটোকার্ড ব্যবহার করে গুজব ছড়ানো প্রতিরোধে সরকারের বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।’

সেমিনারে আরও বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, সদস্যসচিব রুবেল আহমদ এবং আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের তথ্য সহকারী ডলি রাণী সূত্রধর।

সেমিনারের উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতা, তথ্যপ্রাপ্তিতে জটিলতা, হয়রানিমূলক মামলা ও আর্থিক অনিশ্চয়তাসহ নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।

দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলা স্টাফ রিপোর্টার ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্যসচিব মো. এহসানুল হক বলেন, ‘সাইবার নিরাপত্তা আইন ও মানহানিসংক্রান্ত আইনের কঠোর ধারাগুলোর অস্পষ্টতার সুযোগ নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হচ্ছে। এসব মামলা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।’

তিনি অভিযোগ করেন, শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সদ্য বদলিকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন তার বিরুদ্ধে সিলেট সাইবার আদালতে সাইবার আইনে একটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা করেছেন। মামলা দায়েরের আগে সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো প্রতিবাদলিপি, প্রেস কাউন্সিলে অভিযোগ কিংবা আইনি নোটিশ পাঠাননি বলেও দাবি করেন তিনি।

এহসানুল হক বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে আইনের অপব্যবহার বন্ধ করতে হবে। হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

তথ্য অধিকার আইন থাকা সত্ত্বেও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে তথ্য সংগ্রহে আমলাতান্ত্রিক জটিলতা ও তথ্য প্রদানে অনীহার কারণে অনুসন্ধানী সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নিজের অভিজ্ঞতা তুলে ধরে এহসানুল হক বলেন, ‘শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের কাছে ১১টি সুনির্দিষ্ট বিষয়ে তথ্য চেয়ে আবেদন করেও নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ তথ্য পাইনি।’

শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা বলেন, ‘জেলা ও উপজেলা পর্যায়ের অনেক সংবাদকর্মীকে নির্দিষ্ট বেতন-ভাতা না দিয়ে শুধু পরিচয়পত্র দেওয়া হয়। আর্থিক অনিশ্চয়তার কারণে অনেক সংবাদকর্মী অনৈতিক চর্চা কিংবা স্থানীয় প্রভাবশালীদের চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হন।’ এ সময় তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা বিতরণে মৌলভীবাজারে অনিয়মের অভিযোগও তুলে ধরেন।

তিনি আরও বলেন, ‘মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক কর্মী ও প্রভাবশালী মহলের হাতে লাঞ্ছনা ও হামলার শিকার হন।’ এ সময় সাংবাদিক মো. এহসানুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টিও তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আরপি নিউজের সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান বলেন, ‘অধিকাংশ গণমাধ্যমে ওয়েজ বোর্ড বাস্তবায়িত না হওয়ায় সাংবাদিকরা স্বল্প বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন। অনেক ক্ষেত্রে মাসের পর মাস বেতন বকেয়া থাকে। নিয়োগপত্র না দেওয়া এবং যখন-তখন চাকরিচ্যুত করার প্রবণতার কারণে সাংবাদিকদের মধ্যে চাকরি হারানোর আতঙ্ক বিরাজ করে। ফলে মালিকপক্ষ কিংবা প্রভাবশালী মহলের বিরুদ্ধে গিয়ে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে অনেকেই সাহস পান না।’

দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ মফস্বল সাংবাদিকদের সম্মানী না পাওয়া এবং পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও হয়রানির বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।

দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি কাওছার ইকবাল বলেন, ‘তথ্য অফিসের কার্যক্রম দৃশ্যমান নয়। এ কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

সেমিনারে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২৫ জন সদস্য অংশ নেন। আলোচনায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রাপ্তির অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা, আর্থিক ও সামাজিক সুরক্ষা এবং স্বাধীন সাংবাদিকতার অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক সুরক্ষা আইন   সৈয়দ আবদাল আহমদ   সাংবাদিকদের বেতন   শ্রীমঙ্গল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close