কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সড়কের গাছ কর্তন করার অভিযোগ উঠেছে। ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম মঞ্জুর বাড়ির পাশে সড়কের জমিতে থাকা বিশাল আকারের একটি মেহগনি গাছ কেটে সড়িয়ে নেওয়া হয়েছে; যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সড়কের সীমানা নির্ধারণ ছাড়াই ওয়ার্ড সদস্যের পরিবার লোকজন গাছ কাটায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও সমালোচনা দেখা গেছে।
স্থানীয়রা জানান, ওয়ার্ড সদস্যের পরিবারের লোকজন সড়কের সীমানা নির্ধারণ ছাড়াই তাড়াহুড়ো করে গাছটি কেটে আলমের ছমিলে নিয়ে গেছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি পরিবারের সদস্য হিসেবে সবার আগে সড়কের সীমানা নির্ধারণ করা উচিত ছিলো। তারপর গাছটি কাটতে পারতেন। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা অবশ্যই জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব।
সীমানা নির্ধারণ, সড়কের প্রস্থ ও আইনি প্রক্রিয়া ব্যতীত গাছ কাটার বিষয়ে জাহাঙ্গীর আলম মঞ্জু বলেন, ‘গাছটি আমার ভাই তৈমুর রহমান সাজু কেটেছেন। রাস্তার দুই পাশে আমাদের জমি থাকায় নিজের মনে করে গাছটি কাটা হয়েছে। এর আগেও অনেক গাছ কাটা হয়েছে। আমার বড় ভাইয়ের জামাইকে গাছটি উপহার দেওয়া হয়েছিলো ফার্নিচার তৈরি করবার জন্য। তাই তিনি গাছটি কেটে ফেলছেন।’
তিনি আরও বলেন, ‘যদি সরকারি রাস্তার মধ্যে পড়ে তাহলে চাইলে ভূমি অফিস গাছটি নিয়ে যেতে পারেন।’
মানা নির্ধারণের বিষয়ে ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শামিমা বেগম বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আজ অফিস বন্ধ থাকায় আগামীকাল সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।’
কেকে/এমএ