মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে কক্সবাজার উপকূল থেকে ট্রলারসহ ৪০ জনের বেশি ব্যক্তিকে উদ্ধার করেছে জেলা পুলিশ।
ছয় দিন গভীর সমুদ্রে ভেসে থাকার পর শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের লাবণী পয়েন্ট থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিদের মধ্যে জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন। তবে উদ্ধার হওয়া ব্যক্তির সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভয়াবহ জিম্মিদশা ও মুক্তিপণ বাণিজ্য
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উন্নত জীবন ও ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে স্থানীয় দালালদের মাধ্যমে এসব ব্যক্তিকে সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। এ জন্য জেলার টেকনাফ, উখিয়া, মহেশখালী ও সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে মানব পাচারকারী চক্রের সদস্যরা।
অনুসন্ধান ও ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, চক্রের দালালরা বেকার যুবক ও সাধারণ মানুষকে বিনা খরচে কিংবা অল্প টাকায় মালয়েশিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে ট্রলারে তুলে দেয়। পরে মালয়েশিয়ায় নেওয়ার পরিবর্তে তাদের থাইল্যান্ডের দুর্গম জঙ্গল কিংবা গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন করা হয়। এরপর নির্যাতনের ভিডিও ও অডিও দেশে থাকা স্বজনদের কাছে পাঠিয়ে জনপ্রতি ৬ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি ও আদায় করা হয়।
সাগরপথে পাচারের বিস্তৃত নেটওয়ার্ক
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে কক্সবাজারের সমুদ্রপথ ব্যবহার করে কয়েক হাজার মানুষ পাচারের শিকার হয়েছেন। তাদের একটি বড় অংশ বর্তমানে মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিভিন্ন ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছেন। গত কয়েক মাসে কোস্টগার্ড, বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে টেকনাফের বাহারছড়া, শাহপরীর দ্বীপ, ইনানী ও কক্সবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে নারী ও শিশুসহ কয়েক শ মানুষকে উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় উপকূলীয় এলাকার বেশ কয়েকজন চিহ্নিত মানব পাচারকারী ও দালালের নাম রয়েছে। বিশেষ করে টেকনাফের বাহারছড়া, শামলাপুর, মহেশখালী ও কক্সবাজার সদরের নাজিরারটেক এলাকায় পাচারকারী চক্রের তৎপরতা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিভিন্ন সময়ে পুলিশ ও র্যাবের অভিযানে একাধিক দালাল গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে তাদের কেউ কেউ আবারও পাচারকাজে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।
কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, মানব পাচার রোধে উপকূলীয় এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। শুক্রবার রাতের অভিযানে উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের সঙ্গে জড়িত স্থানীয় দালালদের শনাক্তের চেষ্টা চলছে। চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
কেকে/সাশ