নেত্রকোণার মদন উপজেলায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক ওয়ার্ড সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দোকান ভাঙচুর ও নগদ টাকাসহ মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। রাতে মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী কদ্দুছ মিয়া রামদাসখীলা গ্রামের বাসিন্দা। তিনি জানান, তার ভাই আবুল বাশারের রামদাসখীলা গ্রামের মোড়ে একটি মনোহারি দোকান রয়েছে। ওই মোড়ে দোকান বসানো নিয়ে দীর্ঘদিন ধরে ঘাটুয়া উত্তর বাজার কমিটির লোকজনের সঙ্গে রামদাসখীলা গ্রামবাসীর বিরোধ চলে আসছিল।
এ নিয়ে কয়েক দফা গ্রামে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, রামদাসখীলার মোড়েই আবুল বাশার ব্যবসায় পরিচালনা করবেন। তাকে এ বিষয়ে অনুমতিও দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, অনুমতি দেওয়ার পরও বুধবার বিকালে পূর্বপরিকল্পিতভাবে বাজার কমিটির কোষাধ্যক্ষ সুমন তালুকদার ও তার লোকজন আবুল বাশারের দোকানে হামলা চালান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে সাবেক ওয়ার্ড সদস্য আবুল হাসানসহ উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হন। আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অভিযোগে উল্লেখ করা হয়, হামলার সময় আবুল বাশারের মনোহারি দোকান থেকে নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়। এছাড়া জানু মিয়া ও সবুজ মিয়ার দোকান ভাঙচুর করা হয়। এতে প্রায় ৪-৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় কদ্দুছ মিয়া বুধবার রাতেই ২০ জনকে অভিযুক্ত করে মদন থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বাজার কমিটির কোষাধ্যক্ষ সুমন মিয়া বলেন, ‘বাজার কমিটির লোকজন রামদাসখীলা গ্রামে গেলে সেখানকার লোকজন প্রথমে তাদের ওপর মারপিট শুরু করে। পরে সংঘর্ষের ঘটনা ঘটে।’
অন্যদিকে আবুল হাসান বলেন, ‘আমি বাড়ি থেকে গিয়ে দেখি ঘাটুয়া গ্রামের লোকজন দোকানপাট ভাঙচুর ও লুটপাট করছে। আমি ফেরাতে গেলে আমাকেও তারা মারপিট করে। এ সময় আমাদের গ্রামের শেরালী মিয়ার একটি ছাগলও তারা নিয়ে যায়। আমরা সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
এ নিয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, ‘দুই পক্ষ থেকেই লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/এমএ