শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      ● হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      
দেশজুড়ে
কক্সবাজারের বনে অস্তিত্ব সংকটে বন্যহাতি, বাড়ছে মৃত্যুর মিছিল
​নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের বনাঞ্চলে দিন দিন অনিরাপদ হয়ে উঠছে মহাবিপন্ন এশীয় বন্যহাতির জীবন। বনভূমি ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস, চলাচলের করিডোর দখল, ফসল রক্ষার নামে বৈদ্যুতিক ফাঁদ এবং শিকারিদের গুলিতে প্রাণ হারাচ্ছে একের পর এক হাতি। খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সংকটে লোকালয়ে প্রবেশ করতে গিয়ে বাড়ছে মানুষ ও হাতির সংঘাত। সব মিলিয়ে জেলার উত্তর ও দক্ষিণ বনবিভাগের বনাঞ্চলে বন্যহাতির অস্তিত্ব নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ।

বুধবার (১৮ নভেম্বর) টেকনাফের বাহারছড়া শীলখালী রেঞ্জের বনাঞ্চল থেকে গুলিবিদ্ধ একটি বন্যহাতি উদ্ধার করেছে বন বিভাগ। হাতিটির শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে চলছে তার নিবিড় চিকিৎসা। একটি হাতির শরীরে এতগুলো গুলির ক্ষত পাওয়ার ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত এক দশকে কক্সবাজারে শুধু গুলিতেই মারা গেছে ৯টি বন্যহাতি। এ ছাড়া বিদ্যুৎস্পৃষ্ট, রোগাক্রান্ত হওয়া ও বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছে আরও অন্তত দুই ডজন হাতি। সাম্প্রতিক বছরগুলোতেও জেলার বিভিন্ন বনাঞ্চলে হাতির মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে।

২০২৬ সালের ১৬ মে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের লম্বাখালী এলাকায় অসুস্থ হয়ে মারা যায় ৩০ থেকে ৩৫ বছর বয়সী একটি মা-হাতি। একই বছরের ২৮ মার্চ কাকারা ইউনিয়নের মুসলিমনগর এলাকায় একটি বন্যহাতিকে হত্যার পর মাটিচাপা দেওয়ার ঘটনা উদঘাটন করে বন বিভাগ। এর আগে ২০২৫ সালের ১৭ নভেম্বর উখিয়ার রাজাপালংয়ের পশ্চিম খয়রাতি রহমানিয়া পাড়া বিলে ফসল রক্ষায় পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়।

এ ছাড়া ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর উখিয়া রেঞ্জের বনাঞ্চল থেকে প্রায় ৩৫ বছর বয়সী একটি পুরুষ হাতির মরদেহ উদ্ধার করা হয়। একই বছরের ১৩ মার্চ গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় একটি মা-হাতি। ১২ ফেব্রুয়ারি চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং রিজার্ভ এলাকা থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী একটি হাতির মরদেহ উদ্ধার করে বন বিভাগ। ১৮ জানুয়ারি টেকনাফের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে ৮ থেকে ১০ বছর বয়সী একটি বাচ্চা হাতির মরদেহ পাওয়া যায়। ৫ জানুয়ারি হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা এলাকায় বাচ্চা প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় একটি মা-হাতি। এর আগে ২০২৩ সালের ৬ জুলাই রামুর খুনিয়াপালং ইউনিয়নের দরিয়ারদীঘি বনাঞ্চলে অসুস্থ হয়ে টিলা থেকে পড়ে মারা যায় ৫০ থেকে ৬০ বছর বয়সী একটি পুরুষ হাতি।

আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার (আইইউসিএন) জরিপ অনুযায়ী, বাংলাদেশে চিহ্নিত বন্যহাতির ১২টি চলাচলের করিডোরের মধ্যে আটটিই কক্সবাজারে। এর মধ্যে দক্ষিণ বনবিভাগে তিনটি এবং উত্তর বনবিভাগে পাঁচটি করিডোর রয়েছে। বন বিভাগের পূর্ববর্তী পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সাল থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত মাত্র তিন বছরে কক্সবাজার উত্তর ও দক্ষিণ বনবিভাগের বনাঞ্চলে ২০টি বন্যহাতির মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, রোহিঙ্গা ক্যাম্প, রেললাইন ও সড়ক যোগাযোগ সম্প্রসারণের কারণে হাতির দীর্ঘদিনের চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। এতে বনাঞ্চলে হাতির স্বাভাবিক বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি প্রাকৃতিক খাদ্যের সংকট তৈরি হওয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করছে হাতির পাল। ফলে ফসলের ক্ষতি ও মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি হাতির জীবনও পড়ছে ঝুঁকিতে। অনেক ক্ষেত্রে ফসল রক্ষার নামে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারাচ্ছে বন্যহাতি।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী তারিকুল আলম জানান, বন্যহাতি রক্ষায় বন বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। টেকনাফে গুলিবিদ্ধ হাতিটিকে উদ্ধারের পর বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। হাতির আবাসস্থল পুনরুদ্ধার, খাদ্য উপযোগী বনায়ন বৃদ্ধি এবং লোকালয়ে হাতির প্রবেশ ঠেকাতে স্থানীয়দের নিয়ে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) গঠন করা হয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক ফাঁদ পেতে বা গুলি করে হাতি হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া ও মামলা দায়ের করা হচ্ছে।

পরিবেশবাদীদের মতে, কক্সবাজারের বনাঞ্চলে বন্যহাতির অস্তিত্ব রক্ষায় হাতির চলাচলের প্রাকৃতিক করিডোর দখলমুক্ত করা, আবাসস্থল পুনরুদ্ধার এবং বনে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্যের সংস্থান নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অবৈধ শিকার ও প্রাণঘাতী বৈদ্যুতিক ফাঁদ বন্ধে কার্যকর নজরদারি বাড়াতে হবে। অন্যথায় মানুষের সঙ্গে সংঘাত, আবাসস্থল সংকট ও অব্যাহত মৃত্যুর কারণে কক্সবাজারের বনাঞ্চল থেকে মহাবিপন্ন এশীয় বন্যহাতি একসময় চিরতরে হারিয়ে যেতে পারে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   বন্যহাতি   হাতি হত্যা   বনাঞ্চল   বন্যপ্রাণী সংরক্ষণ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close