শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সশস্ত্র বাহিনী দিবসে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      
দেশজুড়ে
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা, রেকর্ডের অপেক্ষা
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:২৫ এএম আপডেট: ২১.১১.২০২৬ ১০:২৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর খোলা হয়েছে। দানবাক্সগুলো থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। এখন চলছে টাকা গণনার কাজ। গণনা শেষে মোট দানের পরিমাণ জানা যাবে। এবারও আগের দানের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

এসময় সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

দানবাক্স থেকে বের করা টাকা প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে শুরু হয় গণনার কাজ। এ কাজে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক ব্যক্তি অংশ নিয়েছেন।


এর আগে গত ২৭ জুন ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে দানের পরিমাণ দাঁড়িয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। ওই দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে নতুন মাইলফলক সৃষ্টি করেছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে দানের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়েছে। এ কারণে এবারও নির্ধারিত সময়ের চেয়ে বেশি, ৪ মাস ২৪ দিন পর দানবাক্স খোলা হয়েছে।

প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এ মসজিদে এসে দান করেন। অনেকের বিশ্বাস, পাগলা মসজিদে দান করলে মনোবাসনা পূরণ হয়। সেই বিশ্বাস থেকেই দিন দিন বাড়ছে দানের পরিমাণ। পাগলা মসজিদে শুধু টাকা-পয়সা নয়, স্বর্ণালঙ্কার, হাঁস-মুরগি, গবাদিপশু ও বিভিন্ন পণ্যসামগ্রীও দান করেন মানুষ। অনেকে রোগমুক্তি, উচ্চশিক্ষা, সন্তান লাভসহ বিভিন্ন উদ্দেশ্যে মানত করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মসজিদটি একটি সার্বজনীন ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত।

জানা যায়, ২০২০ সালের ১১ মার্চ দানবাক্সে পাওয়া ৪২০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৮৮ ভরি রৌপ্যালঙ্কার নিলামে বিক্রি করে ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১১০ টাকা আয় হয়। একই সময়ে বৈদেশিক মুদ্রা বিক্রি করে আরও ৭০ লাখ টাকা পাওয়া যায়। পরে ছয় বছর ধরে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়।


গত ১২ অক্টোবর এসব সম্পদ গণনা ও মূল্য নির্ধারণের জন্য নয়টি কনটেইনার ও ছয়টি সিলগালা খাম খোলা হয়। এতে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালঙ্কার ও ১ হাজার ৮৮ ভরি রৌপ্যালঙ্কার পাওয়া যায়। সব মিলিয়ে অলঙ্কারের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ১৩২ ভরি।

বর্তমানে পাগলা মসজিদ দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। মসজিদে দান করা অর্থ দিয়ে মসজিদ, মাদরাসা, এতিমখানা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়। এ ছাড়া প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে ছয়তলা বিশিষ্ট আধুনিক ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। নির্মিতব্য এ কমপ্লেক্সে একসঙ্গে প্রায় ৫০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য পৃথকভাবে পাঁচ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা থাকবে।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর বুকে মাদুরে ভেসে বর্তমান মসজিদের স্থানে এসে অবস্থান নেন। পরে তাঁকে ঘিরে ভক্তদের সমাগম বাড়তে থাকে। তাঁর মৃত্যুর পর সমাধির পাশে নির্মিত হয় মসজিদটি, যা বর্তমানে পাগলা মসজিদ নামে দেশজুড়ে সুপরিচিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াকফ স্টেটের মাধ্যমে ঐতিহাসিক এ মসজিদটি পরিচালিত হয়ে আসছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  পাগলা মসজিদের দানবাক্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close