জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজ অটোভ্যানচালক নূর মোহাম্মদ রাব্বি (১৫) নামে কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের হন্তনবাজ গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় রশি পেঁচানো ও একটি চোখ উপড়ানো অবস্থায় পাওয়া গেছে।
নিহত রাব্বি শিবগঞ্জ উপজেলার পীরব কাজীপাড়া এলাকার খলিল প্রামাণিকের ছেলে। সে পেশায় অটোভ্যানচালক ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় রাব্বি। সন্ধ্যায় তাকে স্থানীয় বাজারে দেখা গেলেও এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এদিকে শনিবার সকালে হন্তনবাজ গ্রামের একটি ধানক্ষেতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাব্বির পরিচয় শনাক্ত করেন।
পরিবারের ধারণা, অটোভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে রাব্বিকে হত্যা করা হয়ে থাকতে পারে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, হন্তনবাজ গ্রামের একটি ধানক্ষেত থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত হয়েছে। সে শিবগঞ্জ উপজেলার পীরব এলাকার বাসিন্দা। নিখোঁজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় জিডি করা হয়েছিল।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।
কেকে/সাশ