নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) ভোরে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন শাহিন, তার স্ত্রী লিমা পারভীন ও তাদের এক আত্মীয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনে লিকেজ অথবা চুলার চাবি খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে যায়। সকালে চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র পুড়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরে স্থানীয়রা দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘ঘটনাস্থলে আমাদের একটি দল কাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’
কেকে/সাশ