ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের শিল্পাঞ্চলে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। চালু কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন কারণে অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে কোনাবাড়ীর জরুন এলাকায় তিনটি এবং সালনা এলাকায় দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, থানা পুলিশ, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ১৩ প্লাটুন বিজিবি এবং জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২’-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘শনিবার পর্যন্ত গাজীপুরে বিভিন্ন কারণে অর্ধশতাধিক কারখানা মালিকপক্ষ বন্ধ রেখেছে। পাশাপাশি পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।’
কেকে/ এসএমএন