কুষ্টিয়ার ভেড়ামারায় খুলনা বিভাগীয় প্রেসক্লাবের শাখা কার্যালয় উদ্বোধন ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত পারভীন নাহার কনিকাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
গত শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ভেড়ামারা থানার সামনে প্রেসক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করায় ভেড়ামারার কৃতী সন্তান পারভীন নাহার কনিকাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম। সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিক হাসান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ক্লাবের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ শামীম। বিশেষ অতিথি ছিলেন কবি মো. আসমান আলী।
এ সময় প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের অসংগতি তুলে ধরা এবং মানবকল্যাণে কাজ করা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভেড়ামারা শাখার নতুন কার্যালয় স্থানীয় সাংবাদিকদের পেশাগত কার্যক্রম আরও গতিশীল করবে বলে তারা আশা প্রকাশ করেন।
পারভীন নাহার কনিকাকে জাতীয় পুরস্কার অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, তার এই সাফল্য ভেড়ামারার জন্য গর্বের বিষয়।
কেকে/ এসএমএন