গাজীপুরের শ্রীপুর উপজেলায় ফের বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। কয়েকটি কারখানায় কর্মবিরতি পালনের পর শ্রমিকরা দলবদ্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। নতুন করে শ্রমিক বিক্ষোভে শিল্পাঞ্চলে আবারও অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল থেকে শ্রীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা দলবদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর পৌর এলাকার হ্যামস কারখানার শ্রমিকরা প্রথমে আমানটেক্স কারখানার সামনে জড়ো হন। পরে সকাল ৯টার দিকে তারা মহাসড়কে যাওয়ার প্রস্তুতি নেন।
এ সময় আশপাশের কয়েকটি কারখানায় গিয়ে কর্মরত শ্রমিকদেরও বাইরে বের করে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তারা।
সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিকরা লাঠিসোঁটা হাতে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ময়মনসিংহগামী একটি প্রাইভেট কারসহ কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে শিল্প পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন।
একপর্যায়ে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে মিছিল নিয়ে আনসার রোডের দিকে অগ্রসর হন। আশপাশের কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ চালিয়ে যান। এ সময় আশপাডা মোড়ের সাবলাইম কারখানার সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে শ্রমিকরা ১ নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় অবস্থান নিলে সেখানেও পুলিশ একইভাবে তাঁদের সরিয়ে দেয়। একপর্যায়ে শ্রমিকরা আনসার রোডের বহেরারচালা আঞ্চলিক সড়কে অবস্থান নেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নেন। প্রায় ২০ মিনিট পর পুলিশের হস্তক্ষেপে তাঁরা সড়ক ছেড়ে যান। দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. সফিউল বলেন, ‘কিছু শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
তিনি আরও বলেন, ‘গাজীপুরের শিল্পকারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে। কোনো কারখানা বন্ধ হওয়ার খবর নেই। তবে শ্রীপুরে অল্পসংখ্যক শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেছিলেন। তাদের সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’
কেকে/এ্মএ