ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে সুন্দরবনসংলগ্ন দুবলার চরে নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ শুঁটকি মাছ। শুঁটকি উৎপাদনের ভরা মৌসুমে বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন জেলে, বহদ্দার ও মহাজন ব্যবসায়ীরা। মাছ আহরণ ও শুকানোর কাজ ব্যাহত হওয়ায় কোটি কোটি টাকার লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে।
বন বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩০ অক্টোবর দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু হয়। শুরুতেই ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে ৩ নম্বর সতর্ক সংকেত জারি থাকায় প্রথম পাঁচ দিন সাগরে মাছ ধরতে পারেননি জেলেরা। ঝড়ো হাওয়ায় অনেকের অস্থায়ী ঘর ও তাবু ক্ষতিগ্রস্ত হয়। বৃষ্টিতে ভিজে নষ্ট হয় আহরণ করা মাছের বড় অংশ।
এরপর নতুন করে ঘূর্ণিঝড় ‘আকাভান’-এর প্রভাবে উত্তাল হয়ে ওঠে বঙ্গোপসাগর। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি থাকায় টানা চার দিন সাগরে যেতে পারেননি জেলেরা। মাছ আহরণ ও শুঁটকি প্রক্রিয়াজাতকরণে দেখা দেয় স্থবিরতা। অনেক ট্রলার ও নৌকা সুন্দরবনসংলগ্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে।
টানা বৃষ্টি ও মেঘলা আবহাওয়ায় চাতালে শুকাতে দেওয়া মাছ পচে নষ্ট হচ্ছে। অনেক ক্ষেত্রে আধা শুকনো মাছ ফেলে দিতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বাড়লেও আয় কমছে। পাঁচ মাসের শুঁটকি মৌসুমের শুরুতেই এমন পরিস্থিতিতে পুরো উৎপাদন ব্যবস্থা অনিশ্চয়তায় পড়েছে।
দুবলার চরের বহদ্দার সায়েব আলী বলেন, ‘আমার বহরে ৩৫ জন জেলে কাজ করছেন। সাগরে যেতে না পারায় সবাই বসে আছেন। অথচ প্রতিদিন খাবারসহ অন্যান্য খরচ বাবদ প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা ব্যয় হচ্ছে। এভাবে চলতে থাকলে বড় ধরনের লোকসানে পড়তে হবে।’
আলোরকোলের জেলে আবু তাহের বলেন, ‘পাইকারের কাছ থেকে এক লাখ টাকা দাদন নিয়ে মাছ ধরতে এসেছি। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সাগরে যেতে পারছি না। আয় না থাকায় বাড়িতেও টাকা পাঠাতে পারছি না। ঋণের টাকা কীভাবে শোধ করব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবলার চরে জেলে, বহদ্দার ও শ্রমিক মিলিয়ে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে। আলোরকোল, মেহের আলীর চর, মাঝেরকেল্লা, অফিসকেল্লা ও নারকেলবাড়িয়াসহ পাঁচটি প্রধান চরে প্রতিবছর শুঁটকি উৎপাদন হয়। বছরে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মেট্রিক টন শুঁটকি উৎপাদিত হয়, যার বাজারমূল্য ৩০০ থেকে সাড়ে ৩৫০ কোটি টাকা বলে দাবি ব্যবসায়ীদের।
তবে বৈরী আবহাওয়ায় চলতি মৌসুমে শুঁটকি উৎপাদন প্রায় ৭০ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আবহাওয়া অনুকূলে না এলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। শুঁটকি উৎপাদন কমে গেলে স্থানীয় অর্থনীতি, পরিবহন ও বিপণন ব্যবস্থার পাশাপাশি জেলে-ব্যবসায়ী এবং সরকারের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
দুবলা জেলে পল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, দুবলার চরে মাছ ধরতে বন বিভাগের অনুমতি ও পাশ-পারমিট নিতে হয়। চলতি মৌসুমে অনুমতিপত্র থেকে প্রায় ৮ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন বিভাগ। বৈরী আবহাওয়া অব্যাহত থাকলে রাজস্ব আদায়েও ঘাটতি হতে পারে।
পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, বৃষ্টি, ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়ার কারণে চলতি মৌসুমে রাজস্ব আদায়ে বড় ঘাটতির আশঙ্কা রয়েছে। তবে দুবলার চরাঞ্চলে জেলেদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৈরী আবহাওয়ায় দুবলার চরের শুঁটকি শিল্প এখন সংকটের মুখে। মৌসুমের শুরুতেই বারবার ঝড়-বৃষ্টির ধাক্কায় উৎপাদন ব্যাহত হওয়ায় আর্থিক ক্ষতির শঙ্কায় দিন কাটছে জেলে ও ব্যবসায়ীদের।
কেকে/ এসএমএন