লালমনিরহাটের সদর উপজেলায় পণ্যবোঝাই ট্রাক, গরুবোঝাই ভটভটি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একটি গরুও মারা গেছে।
রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক এবং কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গরুর ব্যাপারী ফজলুল হক গরুবোঝাই ভটভটি নিয়ে বড়বাড়ি হাটে যাচ্ছিলেন। অন্যদিকে, মোটরসাইকেল নিয়ে রংপুরে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন এমদাদুল হক। পথে বসুনিয়াটারী এলাকায় একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে যানবাহন দুটি সড়কের পাশের গর্তে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফজলুল হক ও তার একটি গরুর মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী এমদাদুল হক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। গর্তে পড়ে যাওয়া যানবাহন দুটি উদ্ধারের কাজ চলছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
কেকে/ এসএমএন