নওগাঁর মান্দা উপজেলার বৈলশিং গ্রামের প্রায় ২০০ বছরের পুরোনো বটগাছতলায় লোকজ সংগীত পরিবেশন করেছে একুশে পরিষদ নওগাঁর সাংস্কৃতিক সংগঠন ‘শেকড় সংস্কৃতি’। গত শুক্রবার (২০ নভেম্বর) আয়োজিত এ পরিবেশনায় শিল্পীরা গানে গানে তুলে ধরেন বাংলার লোকজ ঐতিহ্য, মা-মাটি-মানুষের কথা এবং সাধারণ মানুষের জীবনসংগ্রামের গল্প।
প্রাচীন বটগাছের ছায়ায় লোকজ সুরের এ আয়োজন ঘিরে তৈরি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। সংগঠনটির মূল লক্ষ্য সাধারণ মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না ও মাটির প্রতি ভালোবাসার অনুভূতি গানের মাধ্যমে প্রকাশ করা।
‘শেকড় সংস্কৃতি’ কোনো নির্দিষ্ট মঞ্চে সীমাবদ্ধ না থেকে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে গান পরিবেশনের মাধ্যমে বাংলার নিজস্ব সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য ছড়িয়ে দিচ্ছে। নতুন প্রজন্মের কাছে শেকড়ের সংস্কৃতি পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছে সংগঠনটি।
কেকে/ এসএমএন