মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সীমান্তে পৃথক দুইটি বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ নভেম্বর ) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সীমান্ত সুরক্ষা ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ১০টা ২০ মিনিটে কুলাউড়ার মুড়াইছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। সীমান্ত পিলার ১৮৪৫/এম থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নন্দীগ্রাম এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫১০ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়।
এরপর দুপুর ১২টা ১৫ মিনিটে সীমান্ত পিলার ১৮৪২/৮৮-এস থেকে আনুমানিক ৮০০ গজ ভেতরে লুতুঝুড়ি পুঞ্জি এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। সেখান থেকেও মালিকবিহীন অবস্থায় আরও ২ হাজার ৫৪৫ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করা হয়। দুইটি অভিযানে উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ১১ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত তামাকজাত দ্রব্যের বিষয়ে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।’
কেকে/এমএ