বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে পর্যটকদের আকৃষ্ট করতে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল-২০২৬’ আয়োজন ঘিরে বিতর্ক অব্যাহত রয়েছে। ঝাউবাগান ও সৈকতের পরিবেশ ক্ষতিগ্রস্ত করার অভিযোগে পরিবেশবাদী সংগঠনগুলোর আপত্তির মধ্যে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেছে জেলা প্রশাসন। তবে কার্নিভালের জন্য গাছ কাটার প্রমাণ পাওয়া যায়নি বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হলেও সেই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে পরিবেশবাদী সংগঠনগুলো।
সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবাগানের ভেতরে মাটি কেটে ইটের দেয়াল, পাকা মেঝে ও চলাচলের রাস্তা নির্মাণ করা হচ্ছে। সেখানে ইট, বালু ও সিমেন্টের স্তূপ রাখা হয়েছে। শ্রমিকদেরও নির্মাণকাজ করতে দেখা গেছে। এর পাশেই কয়েকটি ঝাউগাছের ডালপালা ও আগা কাটা অবস্থায় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোটেল শৈবালসংলগ্ন এলাকায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে পাবলিক প্রাইভেট ইনিশিয়েটিভের (পিপিআই) আওতায় কার্নিভালটি বাস্তবায়ন করছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড। পরিবেশবাদী সংগঠন ও স্থানীয়দের অভিযোগ, আয়োজনস্থল প্রস্তুত করতে গিয়ে বালিয়াড়ির প্রাকৃতিক পরিবেশ নষ্ট এবং ঝাউগাছ কাটা হয়েছে। এ ছাড়া সৈকতে যাতায়াতের পুরোনো পথে গেট বসিয়ে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগও উঠেছে।
ঝাউগাছ কাটার অভিযোগ ওঠার পর জেলা প্রশাসন বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, সিভিল অ্যাভিয়েশন, পুলিশ ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান জানান, কার্নিভালকে কেন্দ্র করে গাছ কাটার খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কার্নিভালের জন্য গাছ কাটার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার ভাষ্য, প্রাকৃতিক কারণে ঝড়ে পড়ে যাওয়া গাছ বন বিভাগ কেটেছে। অন্যদিকে, বিমান চলাচলের সুবিধার্থে কার্নিভালের কাজ শুরুর আগেই সিভিল অ্যাভিয়েশন গাছের ওপরের অংশ ছেঁটেছে।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুহুল আমীন খান দাবি করেন, আয়োজনস্থলটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) নয়; এটি পর্যটন করপোরেশনের নিজস্ব জায়গা।
জেলা প্রশাসক মো. আবদুল মান্নান জানান, কার্নিভালটি তিন মাসব্যাপী আয়োজনের বিষয়ে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। তবে আয়োজন, টিকিট ও স্টল বরাদ্দের বিষয়গুলো সরাসরি পর্যটন করপোরেশন তদারকি করছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, ‘পর্যটনশিল্পের বিকাশে প্রথমবারের মতো পিপিআইয়ের মাধ্যমে তিন মাসব্যাপী কার্নিভালের আয়োজন করা হয়েছে। এতে সাড়া পাওয়া গেলে সময় বাড়ানো এবং ভবিষ্যতে দেশের অন্যান্য পর্যটন এলাকাতেও এ আয়োজন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।’
তবে প্রশাসনের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে পরিবেশবাদী সংগঠনগুলো। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কার্নিভালের বিরুদ্ধে মানববন্ধন করেন পরিবেশকর্মীরা।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম অভিযোগ করেন, পাঁচটি সংগঠন গাছ কাটার বিষয়ে অভিযোগ করলেও সেগুলোকে তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত না করেই প্রতিবেদন দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘পর্যটন খাতের বিকাশে কার্নিভাল বা উৎসবের আয়োজন হতে পারে, আমরা এর বিরোধী নই। কিন্তু বহু বছরের পুরোনো প্রাকৃতিক ঝাউবাগান কেটে বা এর পরিবেশ নষ্ট করে এ ধরনের আয়োজন কোনোভাবেই কাম্য নয়।’
এদিকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটা, ঘাস উপড়ে ফেলা ও সাগরলতা ধ্বংসের প্রমাণ পাওয়ার দাবি করা হয়েছে। কার্নিভাল বন্ধের দাবিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুল বান্না।
বিভিন্ন সূত্রের দাবি, প্রচারণায় আয়োজনটিকে ৯০ দিনের বলা হলেও দর্শনার্থীদের সাড়া পাওয়া গেলে এর মেয়াদ বাড়ানো হতে পারে। পাশাপাশি দীর্ঘমেয়াদি চুক্তি ও স্থায়ী অবকাঠামো রাখার পরিকল্পনার কথাও জানা যাচ্ছে।
সব মিলিয়ে কক্সবাজারে পর্যটন কার্নিভাল আয়োজন, পরিবেশগত সংকটাপন্ন এলাকা ও ঝাউবাগানের সুরক্ষা এবং সৈকতে সাধারণ মানুষের অবাধ যাতায়াতের অধিকার নিয়ে বিতর্ক ক্রমেই জোরালো হচ্ছে। প্রশাসনের তদন্ত ও পরিবেশবাদীদের অভিযোগের বিপরীতে এখনো কাটেনি সংশয়।
কেকে/ এসএমএন