নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে জোসনা বেগম নামে এক নারীর বসতবাড়ি রাতের আঁধারে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার চক কুসুম্বা গ্রামের কুসুম্বা মোড়সংলগ্ন সিএন্ডবি সড়কের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর অভিযোগ, বাড়ি ভাঙচুরের পাশাপাশি সিসি ক্যামেরা ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঘটনার সময় বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন তার মা রবিজান। এ ঘটনায় প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত আবেদন করেছেন জোসনা। পাশাপাশি থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি।
ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জোসনা বেগম চক কুসুম্বা গ্রামের মকবুল হোসেনের মেয়ে।
জোসনার দাবি, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি ১৫১৯ নম্বর দলিলমূলে চক কুসুম্বা মৌজার আরএস ২০৯ নম্বর খতিয়ানের ১০৩ নম্বর দাগে ২ একর ১৮ ডেসিমেল জমির অংশ থেকে ০.১৬৫ সহস্রাংশ জমি কেনেন তিনি। জমিটির মূল মালিক ছিলেন মোনিনী মোহন মহন্ত। তার নাতি প্রশান্ত কুমার জমিটি বিক্রি করেন।
জোসনা জানান, দলিলের বিবরণে উল্লেখ রয়েছে, গ্রহীতা সিএন্ডবির সরকারি জমি ব্যবহার করতে পারবেন। এ বিষয়ে দাতা প্রশান্ত কুমারের কোনো ওয়ারিশ আপত্তি করতে পারবেন না। আপত্তি করলেও তা অগ্রাহ্য বলে গণ্য হবে। দলিল সম্পাদনের পর তিনি জমিটির দখল বুঝে নেন।
ভুক্তভোগীর ভাষ্য, জমিটি বিক্রির আগে প্রশান্ত কুমার ইটভাটার কাজে ব্যবহারের জন্য মালিক আনিছুরের কাছে লিজ দিয়েছিলেন। জমি কেনার পরও ইটভাটার মালিক তাকে ভাড়া দিতেন। একই দিনে জমির পাশে চার কাঠা জমি তার বড় ভাই বুলবুলের কাছেও প্রশান্ত কুমার ও হিরেন্দ্রনাথ বিক্রি করেন।
জোসনার অভিযোগ, জমি কেনার প্রায় এক বছর পর দখলকৃত জমির পেছনে আরও এক কাঠা জমি বিক্রির কথা বলে প্রশান্ত কুমার তার ভাই বুলবুলের কাছ থেকে মৌখিক বায়না হিসেবে ৪০ হাজার টাকা নেন। তবে পাঁচ বছরেও জমিটি রেজিস্ট্রি করে দেননি। পরে ওই দাগে কুসুম্বা বাউইপাড়া গ্রামের আলমগীর হোসাইনের কাছে সাত শতক জমি বিক্রি করেন প্রশান্ত। এরপর বায়নার ৪০ হাজার টাকা বুলবুলকে ফেরত দেওয়া হলে তিনি ওই জমির দখল ছেড়ে দেন।
জোসনার দাবি, এরপর থেকেই জমিটি নিয়ে বিরোধের সূত্রপাত। তার দখলে থাকা জমিতে লাগানো খেজুর, কলা, মেহগনি, আম, কাঁঠাল ও কদমগাছ প্রতিপক্ষের লোকজন কেটে ফেলেন। একই সঙ্গে সিএন্ডবি সড়কসংলগ্ন জমি ভরাটের চেষ্টা করা হয়। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে জানান তিনি।
পরে জমিতে টিনের বেড়া দিয়ে অস্থায়ী ঘর নির্মাণ করেন জোসনা। তার অভিযোগ, ওই ঘর ভেঙে ফেলার পাশাপাশি তাকে মারধর করা হয়। এ ঘটনায় তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং থানায় লিখিত অভিযোগ করেন। এরপর জমিতে বসবাসের জন্য ইট দিয়ে স্থায়ী বাড়ি নির্মাণ করেন।
জোসনার অভিযোগ, শুক্রবার (২০ নভেম্বর) রাতে আলমগীর হোসাইনের ভাড়াটে লোকজন তার বাড়িটি ভেঙে ফেলেন। টিনের বেড়া কেটে ও ভেঙে দেওয়া হয়। বিচ্ছিন্ন করা হয় সিসি ক্যামেরা ও বিদ্যুতের সংযোগ। ওই সময় তার মা রবিজান বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন।
ভুক্তভোগীর আরও অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তাদের জমি বিক্রি করে দিতে অথবা জমির দখল ছেড়ে বড় ভাই বুলবুলের জমির পেছনে চলে যেতে চাপ দিচ্ছেন। তাদের দাবি না মানায় বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
এদিকে আলমগীর হোসাইন গত ৫ মে ২০২৬ তারিখে ওই ১০৩ নম্বর দাগে প্রণব কুমারের কাছ থেকে ১৪ শতক এবং প্রশান্ত কুমারের কাছ থেকে সাত শতক জমি কেনেন। সেখানে তিনি ইটের বাউন্ডারি নির্মাণ করেছেন।
অভিযোগের বিষয়ে আলমগীর হোসাইন বলেন, ‘জোসনা ২০২০ সালে জমি কেনার পর থেকে তিনি ও তার ভাই যৌথভাবে জমিটি দখলে ছিলেন। কিন্তু হঠাৎ করে তার দখলকৃত জমিতে ঘর নির্মাণ করা হচ্ছে। এসব বিষয় নিয়ে একাধিকবার থানায় এবং যুবদল নেতা ওবাইদুর রহমানের চেম্বারে সালিশ-বৈঠক হয়েছে। তবে জোসনা কারও বিচার মানেন না।’ বাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/ এসএমএন