চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ও ১৫টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষুদ্ধ লোকজন অভিযুক্ত যুবলীগ নেতার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের প্রতিক্রিয়া জানাতে নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি কিপাইত নগর এলাকায় শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ী মসজিদের সামনে পৌঁছালে নিষিদ্ধ ঘোষিত ওঁৎপেতে থাকা ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির কর্মীদের তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতা-কর্মী আহত হন।
আহত ব্যক্তিরা হলেন আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন। তারা সবাই বিএনপির অঙ্গসংগঠনের কর্মী।
এদিকে, ঘটনার পর স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্ত যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষুদ্ধ নেতাকর্মীরা এ হামলা করেন।
নানুপুর ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালিয়ে তারা হামলার প্রস্তুতি নিয়েছিলেন। দোসরেরা ওঁৎপেতে এই হামলার কাজটি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ চলাকালে নানুপুর বাজারে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করা হয়েছিল। মিছিলটির নেতৃত্বে ছিলেন স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিম। ওই মিছিলের প্রতিবাদ স্বরূপ শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাল্টা মিছিল নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও মো. রহমত উল্লাহ এবং চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তারেক আজিজ।
মো. রহমত উল্লাহ বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি শান্ত করতে পুলিশ মাঠে রয়েছে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। অপরাধী যেই হোক তাদের গ্রেপ্তার করা হবে।’
কেকে/এমএ