নীলফামারীতে চলছে আমন ধান কাটা ও মাড়াইয়ের মৌসুম। এরই মধ্যে শনিবার (২১ নভেম্বর) দিনভর থেমে থেমে হালকা বৃষ্টি হওয়ায় মাঠে থাকা পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ভারী বৃষ্টির আশঙ্কায় দ্রুত ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা।
শনিবার (২১ নভেম্বর) জেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে পাকা ধান কেটে শুকানোর জন্য ফেলে রেখেছেন কৃষকেরা। বৃষ্টি শুরু হওয়ায় কেউ ধানের আঁটি বাঁধছেন, আবার কেউ ভ্যান ও অন্যান্য যানবাহনে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। কৃষকদের আশঙ্কা, ভারী বৃষ্টি হলে মাঠে পড়ে থাকা কাটা ধান ভিজে নষ্ট হতে পারে।
জেলা সদরের টুপামারী গ্রামের কৃষক মানিক হোসেন (৪০) বলেন, ‘পাঁচ বিঘা জমির ধান কাটা শেষ করেছি। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় চিন্তায় পড়ে গেছি। আরও ভারী বৃষ্টি হলে ধান নষ্ট হতে পারে। তাই দ্রুত বাড়িতে নেওয়ার চেষ্টা করছি। জায়গার অভাবে কিছু ধানের আঁটি রাস্তার ধারে রাখতে হচ্ছে।’
একই গ্রামের কৃষক ফাইম ইসলাম (৪৫) বলেন, ‘বাড়িতে লোকজন না থাকায় নিজেই ভ্যানে করে ধানের আঁটি নিয়ে যাচ্ছি। অনেক কষ্ট করে ফসল ফলিয়েছি। ভারী বৃষ্টিতে তা নষ্ট হলে পথে বসতে হবে।’
জেলার সৈয়দপুর আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হাকিম বলেন, ‘শনিবার থেমে থেমে হালকা বৃষ্টি হয়েছে। আগামীকাল রোববারও দিনভর এমন আবহাওয়া থাকতে পারে।’
জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মণ্ডল বলেন, ‘মাঠে থাকা ধান নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। তবে এ ধরনের হালকা বৃষ্টিতে কাটা ও দাঁড়িয়ে থাকা ধানের তেমন কোনো ক্ষতি হবে না।’
মোছা. হোমায়রা মণ্ডল জানান, জেলায় মোট আমন আবাদের প্রায় অর্ধেক জমির ধান ইতিমধ্যে কাটা হয়েছে।
কেকে/ এসএমএন