বিএনপিতে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো স্থান নেই। দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা সাধারণ মানুষের সঙ্গে অন্যায় আচরণে জড়িত হলে তাকে বহিষ্কারের পাশাপাশি পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী এবং টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।
শনিবার (২১ নভেম্বর) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন সফরের অংশ হিসেবে বীরতারা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি গণতন্ত্র, উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। জনগণের কল্যাণে কাজ করাই এ দলের মূল লক্ষ্য। ভারতের মাটিতে বসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিচ্ছেন। তাদের বক্তব্যের প্রভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। এসব অপতৎপরতা প্রতিহত করতে বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ধনবাড়ীতে বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা জনগণের সঙ্গে অন্যায় আচরণে জড়িত হলে তাকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি পুলিশের হাতে তুলে দেওয়া হবে। বিএনপি সব সময় জনগণের অধিকার আদায়ের আন্দোলন করেছে। দল যেসব প্রতিশ্রুতি দেয়, সেগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে। প্রধানমন্ত্রী ঘোষিত প্রতিশ্রুতিগুলো সরকার একের পর এক বাস্তবায়ন করছে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা যারা বাধাগ্রস্ত করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কঠোর হাতে তাদের দমন করা হবে।’
দেশের মানুষ শান্তি চায় উল্লেখ করে সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন মন্ত্রী।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ সময় পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান স্থানীয় নেতারা।
সভায় ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/ এসএমএন