বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া প্রায় দেড় হাজার পর্যটকের মধ্যে সাড়ে চারশ স্থানীয় বাসিন্দা ও পর্যটককে ১০টি সার্ভিস ট্রলারে করে টেকনাফে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারগুলো টেকনাফের উদ্দেশে যাত্রা শুরু করে। জরুরি প্রয়োজন, অসুস্থতা ও নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, দ্বীপে এখনো অনেক পর্যটক অবস্থান করছেন। তারা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাদের নিয়মিত খোঁজখবর রাখছেন।
সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ বিভিন্ন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গত বুধবার (১৮ নভেম্বর) চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণে যান। পরে সাগর উত্তাল হয়ে উঠলে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, এখনো ৩ নম্বর সতর্কসংকেত বহাল রয়েছে। তবে রোববার (২২ নভেম্বর) থেকে আবহাওয়ার উন্নতি এবং সোমবার (২৩ নভেম্বর) থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে আটকে পড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে দ্বীপের হোটেল ব্যবসায়ীরা কক্ষভাড়া ৫০ শতাংশ পর্যন্ত কমিয়েছেন। কিছু হোটেলে বিনা মূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে। অসুস্থ পর্যটকদের নিরাপদে টেকনাফে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, আবহাওয়া স্বাভাবিক হলে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে রোববার থেকে জাহাজ চলাচল পুনরায় শুরু হতে পারে।
কেকে/ এসএমএন