নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চলন্ত অবস্থায় মঞ্জিল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এতে বাসটির ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জিল পরিবহনের বাসটি আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশে যাচ্ছিল। পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় বাসটির পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।
খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসের ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে যায়।
বাসটির চালক জামাল হোসেন (৩২) ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা। নয়ন নামে একজন বাসটির হেলপার হিসেবে কর্মরত ছিলেন। বাসটির মালিকের নাম মিম বলে জানা গেছে।
কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।’
কেকে/ এসএমএন