রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৮৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২২ নভেম্বর) রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে দামকুড়া থানার সোনাইকান্দি বাঁশবাগান এলাকায় অভিযান চালায় সোনাইকান্দি বিওপির একটি দল। এ সময় জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৮৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে রাত ১০টার দিকে কাটাখালী থানার পূর্বপাড়া নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেন খানপুর বিওপির বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো দামকুড়া থানায় এবং ইলেকট্রিক রেজিস্টেন্সগুলো রাজশাহীর শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কেকে/ এসএমএন