রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনী ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে কয়েক দফা গোলাগুলির শব্দ শোনা যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, শনিবার সকালে মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিল। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা গোলাগুলি হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘শনিবার সকালে থেমে থেমে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটে। মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিল। এ সময় জেএসএসের সদস্যরা গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
কেকে/ এসএমএন