রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
দেশজুড়ে
টানা বৃষ্টিতে কালাইয়ে ফসলের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে জয়পুরহাটের কালাই উপজেলায় আমন ধান ও শীতকালীন সবজি নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। মাঠে কেটে রাখা পাকা ধান বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে, জমিতে পানি জমে আগাম আলু ও শীতকালীন সবজিরও ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে। মৌসুমজুড়ে পরিশ্রম করে ফলানো ফসল ঘরে তোলার আগমুহূর্তে প্রকৃতির বিরূপ আচরণে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। অনেক জমিতে পাকা ধানগাছ নুয়ে পড়েছে। এতে ধানের ফলন ও গুণগত মান কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। পাশাপাশি আগাম আলু ও শীতকালীন সবজির খেতেও পানি জমেছে। জমে থাকা পানি সরাতে নালা কেটে নিষ্কাশনের চেষ্টা করছেন চাষিরা।

বৃষ্টির কারণে কৃষিকাজের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টির কারণে কাজে যেতে না পারায় তাদের দৈনিক আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কালাই উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১১ হাজার ৯৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২০২৬-২৭ মৌসুমে প্রায় ১০৩ হেক্টর জমিতে শীতকালীন সবজির বীজ বপন করা হয়েছে। এসব জমিতে আলু, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ ও বিভিন্ন ধরনের শাক চাষ করেছেন কৃষকরা।

উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র গ্রামের কৃষক তাজমহল হোসেন বলেন, ‘তিন দিন আগে পাঁচ বিঘা জমির ধান কেটে মাঠে রেখেছি। কিন্তু টানা বৃষ্টিতে সব ধান ভিজে গেছে। রোদ না উঠলে ধান শুকানো সম্ভব হবে না। বৃষ্টি অব্যাহত থাকলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া এখনো মাঠে অনেক কৃষকের পাকা ধান রয়েছে।’

একই এলাকার কৃষক লুৎফর রহমান বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টিতে আমার আট বিঘা জমির পাকা ধান নুয়ে পড়েছে। এতে প্রত্যাশিত ফলন পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ধানগাছ এভাবে নুয়ে পড়ে থাকলে ভালো ফলন পাওয়া কঠিন হবে।’

কৃষক কাজী মো. নওরোজ হোসেন বলেন, ‘তিন বিঘা জমিতে আগাম ১২-১৩ জাতের আলু চাষ করেছি। কিন্তু টানা তিন দিনের ভারী বৃষ্টিতে আলুখেত ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। সময়মতো আমন ধান ঘরে তুলতে না পারলে কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।’

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজু আলম সরকার বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় পাকা ধান, শীতকালীন সবজি ও সরিষাখেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের মাঠপর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কৃষকদের জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন, নুয়ে পড়া ধানগাছ বেঁধে দেওয়া এবং আবহাওয়া অনুকূলে এলে দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে।’

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  কালাই   জয়পুরহাট   আমন ধান   শীতকালীন সবজি   কৃষকের দুর্ভোগ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close