রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
দেশজুড়ে
লাল শাপলার টানে পর্যটক, বাড়ছে স্থানীয়দের আয়
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভোরের আলোয় হাইল হাওরের বুকে ফুটে ওঠা হাজারো লাল শাপলা মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমীদের। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মির্জাপুর ইউনিয়নের সানন্দা বিলের এই অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসছেন দূরদূরান্তের পর্যটক। তাদের আগমনে প্রাণচাঞ্চল্য বাড়ছে এলাকায়, পাশাপাশি আয় হচ্ছে স্থানীয় মানুষের।

একসময় নির্জন জলাভূমি হিসেবে পরিচিত সানন্দা বিল এখন লাল শাপলার সমারোহে নতুন পরিচিতি পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিলের ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই প্রকৃতিপ্রেমীদের আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে এটি। ভোরের আলো, লাল শাপলা আর পাখির কলকাকলি মিলে তৈরি করছে মনোমুগ্ধকর পরিবেশ।

প্রতিদিন সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসছেন। কেউ নৌকায় ঘুরছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ পরিবার নিয়ে উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য।

কলেজছাত্রী সাদিয়া বান্ধবীদের নিয়ে শাপলা বিল দেখতে এসে বলেন, ‘একসঙ্গে এত লাল শাপলা আগে কখনো দেখিনি। হাজার হাজার শাপলা যেন পুরো প্রকৃতিকে নতুন সাজে সাজিয়েছে।’

রোববার (২২ নভেম্বর) সকাল ৭টায় সরেজমিনে দেখা যায়, বিলজুড়ে ফুটে থাকা লাল শাপলা দেখতে ভিড় করেছেন বিভিন্ন বয়সী দর্শনার্থী। কেউ নৌকায় ঘুরছেন, কেউ মুঠোফোনে ধারণ করছেন প্রকৃতির সৌন্দর্য।

স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, ‘আগেও এখানে শাপলা ছিল, তবে এত ব্যাপক সমারোহ দেখা যায়নি। এখন লাল শাপলার পাশাপাশি পরিযায়ী পাখির উপস্থিতি জায়গাটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।’

শ্রীমঙ্গলের ব্যবসায়ী রুহুল আমিন রুবেল বলেন, ‘পুরো সিলেট অঞ্চলজুড়েই প্রকৃতি যেন সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে। শ্রীমঙ্গলের এই শাপলা বিল সেই সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।’

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে বিলে এসেছেন। সরাসরি দেখে আরও বেশি মুগ্ধ হয়েছেন। তার মতে, মৌলভীবাজার জেলায় এত বড় ও মনোরম শাপলা বিল আর নেই।

কুমিল্লা থেকে স্ত্রীকে নিয়ে এসেছেন সজিব হোসেন। ভোরের আলোয় লাল শাপলা আর পাখির কলকাকলি তাকে মুগ্ধ করেছে। বাহুবলের ব্যবসায়ী আসাদ মিয়ার সন্তানদেরও বিলের সৌন্দর্য এতটাই ভালো লেগেছে যে, ফিরতে চাইছিল না তারা।
পর্যটকের আগমনে বাড়ছে আয়
পর্যটকদের আগমনে বদলাতে শুরু করেছে স্থানীয় অর্থনীতি। নৌকা চালিয়ে বাড়তি আয় করছেন মাঝিরা। পাশাপাশি মির্জাপুর বাজারের খাবার হোটেল, চায়ের দোকান ও মুদি দোকানেও বেড়েছে বেচাকেনা।

মাঝি তাহির মিয়া বলেন, ‘মাছ ধরার মৌসুমের পাশাপাশি এখন পর্যটকদের নৌকায় ঘুরিয়ে দেখিয়েও বাড়তি আয় করা যাচ্ছে।’

আরেক মাঝি জাল হোসেন জানান, শাপলার মৌসুমে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন। তাদের ঘুরিয়ে দেখাতে প্রায় ১৫ থেকে ২০টি নৌকা চলাচল করে। এতে স্থানীয় মাঝিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, ‘পর্যটকদের আগমনে এলাকার মানুষের আয় বেড়েছে। তবে কেউ যেন শাপলা ফুল ছিঁড়ে বিলের সৌন্দর্য নষ্ট না করেন।’

পর্যটনকেন্দ্র গড়ে তোলার দাবি : শ্রীমঙ্গল শহর থেকে প্রায় এক ঘণ্টায় মির্জাপুর বাজারে পৌঁছানো যায়। সেখান থেকে এক কিলোমিটার দূরে সানন্দা বিল। টমটম, অটোরিকশা ও নৌকায় বিল ঘুরে দেখা যায়। শাপলার সৌন্দর্য উপভোগ করতে খুব সকালে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, পরিকল্পিত উদ্যোগ, যাতায়াতব্যবস্থার উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হলে সানন্দা বিল জেলার অন্যতম পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে। পাশাপাশি শাপলা না ছেঁড়া, জলজ পরিবেশ রক্ষা ও ময়লা না ফেলার আহ্বান জানিয়েছেন তারা।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী বলেন, ‘সানন্দা বিল দেশি মাছের জন্য পরিচিত। তবে লাল শাপলার সমারোহে নতুন করে সৌন্দর্যপ্রেমীদের কাছে পরিচিতি পাচ্ছে। প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসছেন। শাপলা রাতে ফোটে, তাই এর সৌন্দর্য উপভোগ করতে খুব সকালে আসার আহ্বান জানাই।’

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, লাল শাপলা এখন দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। পর্যটকদের সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  সানন্দা বিল   লাল শাপলা   শ্রীমঙ্গল   পর্যটন   মৌলভীবাজার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close