শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রতিপক্ষের বল্লমের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামে যুবদল নেতা নিহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর বাটরা গাববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
সোহেল মিয়া করগাঁও ইউনিয়নের কাটুকদিয়া গ্রামের আবদুস সালামের ছেলে। তিনি করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর বাটরা গ্রামে সোহেলের শ্বশুর শাহজাহান মিয়া ও চাচা শ্বশুর আকবর আলীর মধ্যে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় একাধিকবার সালিস-বৈঠক হলেও বিরোধের কোনো সমাধান হয়নি। শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ওই রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে আবারও কথা-কাটাকাটি শুরু হয়।
এ সময় শ্বশুরবাড়িতে অবস্থান করা সোহেল মিয়া এবং আকবর আলীর মেয়ের জামাই কালু মিয়াও বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় কালু মিয়া ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন সোহেল মিয়াকে বল্লম দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন সোহেল মিয়াকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযুক্ত কালু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে সোহেল মিয়া নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/এমএ