কুমিল্লার বুড়িচংয়ে সবজির বাজারে স্বস্তি নেই। শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও কমছে না দাম। বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে। ফলে বাড়তি টাকা নিয়েও প্রয়োজনীয় বাজার করতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।
বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজি, শিম ৬০ থেকে ৮০ টাকা, পটোল ও মিষ্টিকুমড়া ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা এবং চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া উচ্ছে ৮০ টাকা, শসা ৫০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, মুলা ২০ টাকা, ওলকপি ৫০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা এবং কাঁচা মরিচ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে প্রতিটি ৪০ থেকে ৫০ টাকায়।
আমদানিকৃত টমেটো ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাজরের দামও তুলনামূলক বেশি। অন্যদিকে আলু ২০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ৮০ টাকা ও আদা ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
স্থানীয় সবজি বিক্রেতা কামাল জানান, প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। ক্রেতারাও বলছেন, বাজারে এসে প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।
এদিকে মাছ, মুরগি ও ডিমের বাজারেও স্বস্তি নেই। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩২ টাকায়। ব্রয়লার মুরগি ১৪০ থেকে ১৫০ টাকা, সোনালি মুরগি ৩২০ থেকে ৩৩০ টাকা এবং পাকিস্তানি মুরগি ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে তেলাপিয়া ১৬০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ১৮০ থেকে ২০০ টাকা, রুই ২৮০ থেকে ৩২০ টাকা, মৃগেল ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙ্গাস ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দেশি মাছের দাম আরও বেশি। পুঁটি ২০০ টাকা, শিং ২৫০ টাকা, শোল ৬০০ টাকা, টেংরা ৫০০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাংসের বাজারেও কমেনি দাম। গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সব মিলিয়ে বুড়িচংয়ের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দামে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। সবজির পাশাপাশি মাছ, মুরগি ও মাংস কিনতেও গুনতে হচ্ছে বাড়তি টাকা।
কেকে/ এসএমএন