রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ শিশুর ‍মৃত্যু      ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
চিকিৎসায় অবহেলার অভিযোগ, ১৫ দিন লড়েও বাঁচলেন না কামরুন নাহার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফেনীর সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে জরায়ু ফুটো হয়ে দীর্ঘ ১৫ দিন (৩৬০ ঘণ্টা) আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না গৃহবধূ কামরুন নাহারকে (৩২)। রোববার (২২ নভেম্বর) সকাল ৬টা ৫১ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই সাংবাদিক মাহফুজুল হক।

স্বজনদের অভিযোগ, সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে গর্ভপাত-পরবর্তী চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসক ডা. কুলসুম আক্তার সুবর্ণার ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে কামরুন নাহারের জরায়ু ফুটোসহ নানা জটিলতা দেখা দেয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল হয়ে তাকে ঢাকায় নেওয়া হলেও শেষ পর্যন্ত তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কামরুন নাহারের প্রায় তিন মাসের গর্ভাবস্থা নষ্ট (মিসক্যারেজ) হলে চিকিৎসক ডা. ফাহমিদা ইয়াসমিনের পরামর্শ অনুযায়ী গত ৬ নভেম্বর গর্ভপাত-পরবর্তী চিকিৎসার জন্য তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় জোসনারা বেগম নামে এক নারী রোগীর স্বামী মো. রহিম উদ্দিনের সঙ্গে পরিবারের যোগাযোগ হয়। তিনি জানান, সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে তাদের এক আত্মীয়ের শেয়ার রয়েছে এবং ডা. মামুন তাদের পরিচিত ও মেডিসিন চিকিৎসক। তাদের কথায় আশ্বস্ত হয়ে ফেনী সদর হাসপাতাল থেকে কামরুন নাহারকে সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হয়। ওই দিন বেলা আনুমানিক ১২টার দিকে তাকে সেখানে ভর্তি করা হয়।

অভিযোগে বলা হয়, হাসপাতালে আলট্রাসনোগ্রাম করার পরপরই কামরুন নাহারকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ডা. কুলসুম আক্তার সুবর্ণা কী ধরনের চিকিৎসা বা অস্ত্রোপচার করেছেন, সে বিষয়ে স্বজনদের যথাযথভাবে কিছু জানানো হয়নি।

পরদিন ৭ নভেম্বর সকালে কামরুন নাহারের পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। বিষয়টি হাসপাতালের চিকিৎসক ডা. কুলসুম আক্তার সুবর্ণাকে জানানো হলে তিনি পরে দেখবেন বলে এড়িয়ে যান বলে অভিযোগ করেন স্বজনেরা। পরে আবারও রোগীর আলট্রাসনোগ্রাম করা হয়। রিপোর্ট নিয়ে দুপুরে ডা. মামুনের কাছে গেলে তিনি বিস্তারিত কিছু না জানিয়ে দ্রুত রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ রবিউল নামে এক ব্যক্তিকে তাদের সঙ্গে পাঠায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসকেরা স্বজনদের জানান, কামরুন নাহারের জরায়ু ফুটো হয়ে গেছে এবং পায়খানার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ফুসফুসে পানি জমা, পেটে রক্ত ছড়িয়ে পড়া, খাদ্যনালিতে সংক্রমণ ও কিডনিতে সংক্রমণের লক্ষণ পাওয়া যায় বলে পরিবারের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

পরিবারের দাবি, ৭ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ডা. মামুনের পরামর্শে ১৫ নভেম্বর তাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ঢাকায় নেওয়া হয়। দীর্ঘ ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কামরুন নাহার।

স্বজনদের অভিযোগ, সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসায় অবহেলার কারণেই কামরুন নাহারকে এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তার চিকিৎসায় লাখ লাখ টাকা ব্যয় করেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। তার মৃত্যুতে দুই সন্তান হারিয়েছে মায়ের স্নেহ-ছায়া। অন্যদিকে স্ত্রীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বামী।

এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডা. কুলসুম আক্তার সুবর্ণার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি হাসপাতাল ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়দের দাবি। অন্যদিকে তানভীর মাহমুদ তৌহিদও ঘটনার পর খেলা দেখতে দেশের বাইরে চলে গেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপক কে. এম. ইসলামুল হকের বক্তব্য পাওয়া যায়নি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, ‘হাসপাতালে ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলার অভিযোগে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। শুনেছি, রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে।’

ফেনী জেলা সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান খোলা কাগজকে বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুর খবর পেয়েছি। অতি দ্রুত অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে তদন্ত কমিটি গঠন করব, যাতে সঠিকভাবে তদন্ত করে প্রকৃত তথ্য বের করে আনা যায়। আশা করছি, দ্রুতই আপনারা বিষয়টি জানতে পারবেন।’

কামরুন নাহারের মৃত্যুর পর স্বজনেরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালের চিকিৎসাসেবা ও সংশ্লিষ্ট চিকিৎসকদের ভূমিকা তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  ফেনী   সোনাগাজী   চিকিৎসায় অবহেলা   গৃহবধূর মৃত্যু   হাসপাতাল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close