রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা      ● সোমবার সকাল থেকে ১০ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ      ● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ শিশুর ‍মৃত্যু      ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      
দেশজুড়ে
রহমতিয়া সড়ক গর্তে ভরা, নাকাল জনজীবন
সালাহউদ্দিন জিকু, ফটিকছড়ি (চট্টগ্রাম)
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম
ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে বাহন। ছবি প্রতিনিধি

ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে বাহন। ছবি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ও কাঞ্চননগর ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম প্রধান সড়ক রহমতিয়া সড়ক। ৯ কিলোমিটার দীর্ঘ এ সড়কের প্রায় ৪ কিলোমিটার অংশই দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পিচ উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কাদার সৃষ্টি হচ্ছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই ইউনিয়নের হাজারো মানুষকে।

সরেজমিনে দেখা যায়, রহমতিয়া মাজার গেটের পূর্ব পাশ থেকে রাজা রাস্তার মাথা পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে গেছে। কোথাও বড় বড় গর্ত, কোথাও জমে আছে বৃষ্টির পানি। কয়েকটি স্থানে সড়কের পাশও ভেঙে গেছে। কাদাপানির মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন। এতে প্রায়ই যানবাহন বিকল হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাইন্দং হেডকোয়ার্টার থেকে কাঞ্চননগর তেমুহনী বাজার পর্যন্ত বিস্তৃত এ সড়কটির বড় অংশ ২০১৮ সালে সংস্কার করা হয়েছিল। পরবর্তী ২০২২-২৩ অর্থবছরে বৃন্দাবনহাট বাজার থেকে দুই কিলোমিটার অংশ পুনঃসংস্কার করা হয়। তবে বাকি অংশের মধ্যে প্রায় চার কিলোমিটার এখনো বেহাল। অবশিষ্ট তিন কিলোমিটার অংশ মোটামুটি ভালো রয়েছে।

সড়কটি দুই ইউনিয়নের মানুষের একমাত্র প্রধান যোগাযোগের মাধ্যম। এ পথ দিয়ে তেমুহনী বাজার, রাজা রাস্তার মাথা, কাঞ্চুরহাট, বাদামতল, চামারদিঘী, বৃন্দাবনহাট ও বিবিরহাটসহ বিভিন্ন বাজারে যাতায়াত করেন স্থানীয়রা। পাশাপাশি কর্ণফুলী চা বাগান, বাইন্যাছোলা আর্মি ক্যাম্পে যাতায়াতের অন্যতম পথও এটি।

এ সড়ক দিয়ে কাঞ্চননগর উচ্চ বিদ্যালয়, কাঞ্চননগর মাদ্রাসা, বেড়াজালি মসজিদিয়া মাদ্রাসা, ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ফটিকছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করেন। এ ছাড়া অসংখ্য প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ি ও নুরানি মাদ্রাসা এবং কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও এ সড়কের ওপর নির্ভরশীল। সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয় সাবেক ওয়ার্ড সদস্য আনোয়ারুল আজিম বলেন, ‘বিষয়টি শেষ হয়েও যেন শেষ হলো না। সব আয়োজন শেষ করে সড়কটি টেন্ডার পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু বরাদ্দের টাকা কম হওয়ায় কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডারে অংশ নেয়নি। আবার রি-টেন্ডারে যেতে হবে। তবে এর জন্য বরাদ্দ বাড়ানো প্রয়োজন।’

অটোরিকশাচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘সড়কটি নিয়ে ভোগান্তির শেষ নেই। গর্তে পড়ে প্রায় সময় গাড়ি নষ্ট হয়ে যায়। ফলে গ্যারেজের খরচ বাড়ছে। এভাবে গাড়ি চালিয়ে আমাদের পোষায় না।’

মোটরসাইকেল চালক মোহাম্মদ সুজন বলেন, ‘এই সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে চলাচল করা খুবই কষ্টকর। কোথায় গর্ত আর কোথায় পানি জমে আছে, তা বোঝা যায় না। একটু অসতর্ক হলেই দুর্ঘটনার আশঙ্কা থাকে। বিশেষ করে বৃষ্টির সময় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।’

পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সরওয়ার হোসেন স্বপন বলেন, ‘সড়কটির পাইন্দং ইউনিয়নের সাড়ে তিন কিলোমিটারের মধ্যে দুই কিলোমিটার সংস্কার করা হয়েছে। বাকি অংশ সংস্কারের জন্য এলজিইডিকে অনুরোধ করা হয়েছে। অন্তত সেটুকু কাজ হলেই কাঞ্চননগরসহ স্থানীয় মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।’

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেন, ‘সড়কটির বেহাল অবস্থার কারণে মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রস্তাবটি অনুমোদন হলেও টেন্ডার প্রক্রিয়ায় কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেনি। ফলে পুনরায় দরপত্র আহ্বানের জন্য পাঠানো হয়েছে। দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রহমতিয়া সড়ক   গর্তে ভরা   নাকাল জনজীবন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close