রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগাদা      ● এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল সোমবার, যেভাবে জানা যাবে      ● অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার : বিজিএমইএ      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৫১৯      ● শ্রীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা      ● সোমবার সকাল থেকে ১০ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ      ● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ শিশুর ‍মৃত্যু      
দেশজুড়ে
ফটিকছড়িতে বৈরী আবহাওয়ায় ধান কাটা বন্ধ, বেকার শতশত শ্রমিক
সালাহউদ্দিন জিকু, ফটিকছড়ি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
সেতুতে বসে অলস সময় পার করছেন শ্রমিক রফিকুলসহ অন্যরা।

সেতুতে বসে অলস সময় পার করছেন শ্রমিক রফিকুলসহ অন্যরা।

এক মাস কাজ করার আশায় সুনামগঞ্জ থেকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এসেছিলেন রফিকুল ইসলাম (৪৭)। পরিকল্পনা ছিল, ধান কেটে যে টাকা আয় হবে, তা দিয়ে দুই থেকে তিন মাস পরিবারের খরচ চলবে। কিন্তু ফটিকছড়িতে এসে মাত্র চার দিন কাজ করার পরই বাধে বিপত্তি। বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বন্ধ হয়ে যায় ধান কাটা। এরপর পাঁচ দিন ধরে কাজহীন বসে আছেন তিনি। 

রফিকুলের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামে। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে তার সংসার। প্রতি বছর আমন ধান রোপণ ও কাটার মৌসুমে কাজের খোঁজে ফটিকছড়িতে আসেন তিনি। প্রায় ১০ বছর ধরে এভাবে আসা-যাওয়া করছেন। এবারও গত ১২ নভেম্বর এসেছিলেন ফটিকছড়ির হরিণাদিঘী এলাকায়।

ধান কাটার কাজে প্রতিদিন ৬০০-৮০০ টাকা মজুরি পান রফিকুল। কাজ বন্ধ থাকায় গত পাঁচ দিনে প্রায় চার হাজার টাকা আয় করতে পারেননি বলে জানান তিনি। 

কাজ না থাকায় কখনো এদিক-সেদিক ঘুরে সময় কাটান, কখনো বসে থাকেন কাজের মালিকের বাড়িতে। যে কৃষকের জমির ধান কাটতে এসেছেন, সেই জমির পাকা ধান পানিতে পড়ে থাকতে দেখে তার মন আরও খারাপ হয়। নিজের আয় বন্ধ হওয়ার পাশাপাশি মালিকের ফসলের ক্ষতিও তাকে ভাবিয়ে তুলেছে। পরিস্থিতিকে ভাগ্যের পরিণতি হিসেবে মেনে নেওয়া ছাড়া আপাতত আর কিছু করার নেই তাঁর।

রফিকুল একা নন। ফটিকছড়ির হরিণাদিঘী এলাকায় তার মতো অন্তত ৪০ জন শ্রমিক কাজের অপেক্ষায় রয়েছেন। তাদের অধিকাংশের বাড়ি সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায়। তবে বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকার চিত্র শুধু হরিণাদিঘীতে সীমাবদ্ধ নয়। 

শ্রমিক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ধান কাটার কাজ বন্ধ থাকায় শতশত মৌসুমি শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

এসব শ্রমিকের কাছে ধান কাটার মৌসুম শুধু কয়েক দিনের কাজ নয়, পরিবারের কয়েক মাসের ভরণপোষণের ভরসা। সাধারণত তারা এক মাসের মতো কাজ করে ২০০০০-২২০০০ হাজার টাকা আয় করেন। সেই টাকা দিয়ে পরবর্তী দুই-তিন মাস পরিবারের খরচ চালান। ফলে মৌসুমের মাঝপথে কয়েক দিনের কাজ বন্ধ থাকাও তাদের আয়ে বড় প্রভাব ফেলে। বৃষ্টি দীর্ঘায়িত হলে কাজের সময় আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

ফটিকছড়ির কৃষকেরা ধান রোপণ ও কাটার মৌসুমে সুনামগঞ্জ ও নেত্রকোনা থেকে আসা শ্রমিকদের ওপর নির্ভর করেন। প্রতি বছর মৌসুম এলেই এসব জেলা থেকে শ্রমিকরা দল বেঁধে ফটিকছড়িতে আসেন। কেউ কৃষকের বাড়িতে থেকে কাজ করেন, কেউ ঘর ভাড়া নিয়ে থাকেন। রফিকুলের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন তার কাজের মালিক। আবহাওয়া স্বাভাবিক হলে আবার মাঠে নামার আশায় রয়েছেন তিনি ও তার সহকর্মীরা।

রোববার (২২ নভেম্বর) উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছিলোনিয়া বিল ঘুরে দেখা যায়, জমিতে পাকা আমন ধান পানিতে পড়ে আছে। অনেক জমির ধান এখনো কাটা হয়নি। 

স্থানীয়দের ধারণা, বিলটিতে প্রায় ৩০০ একর জমির ধান কাটার অপেক্ষায় রয়েছে। বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকায় ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে। 

দীর্ঘ সময় ধান পানিতে পড়ে থাকলে ফসলের ক্ষতির আশঙ্কা বাড়বে বলে মনে করছেন তারা।

একদিকে মাঠে কৃষকের পাকা ধান পড়ে আছে, অন্যদিকে ধান কাটতে আসা শ্রমিকদের হাতে কাজ নেই। ফসল ঘরে তোলার সময় যত পিছিয়ে যাচ্ছে, কৃষকের দুশ্চিন্তার পাশাপাশি শ্রমিকদের আয়-রোজগারের অনিশ্চয়তাও তত বাড়ছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফটিকছড়িতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৩২০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ২২ হাজার ৫১৫ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৯৫ হেক্টর বেশি। উপজেলায় আমনচাষির সংখ্যা ২৯ হাজার ৫৬০। সাম্প্রতিক বৃষ্টিতে প্রায় ৫০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, ‘হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে আমনের ক্ষতি হয়েছে। এতে অনেক শ্রমিকও কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়িতে বৈরী আবহাওয়া   ধান কাটা বন্ধ   বেকার শ্রমিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close