চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে ব্যবসায় প্রতিষ্ঠানে ঢুকে মো. আবছার চৌধুরী নামে ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের তেমুহনী বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
আবছার চৌধুরী কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহাব উদ্দিন চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর আবছার চৌধুরী নিজের ব্যবসায় প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় তেমুহনী বাজারের দিক থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন অস্ত্রধারী সেখানে আসে। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আবছার চৌধুরীকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে সাংবাদিকদের কাছে তিনি বলেন, তাঁকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় মো. কাদের ও মো. হারেছ নামে দুইজন জড়িত বলে অভিযোগ করেন আবছার চৌধুরী।
তিনি আরও বলেন, ‘তাঁদের দ্রুত গ্রেপ্তার করা হলে হামলার মূল পরিকল্পনাকারীর পরিচয় জানা যাবে।’
তবে হামলার কারণ এবং অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁর পূর্ববিরোধ ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদুল হাসান জানান, আহত ব্যক্তির ডান হাত, বাম পা ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাঞ্চননগর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ইকবাল বলেন, ‘দুর্বৃত্তদের বিভিন্ন অপকর্মের তথ্য প্রশাসনকে দেওয়ার কারণে আবছার চৌধুরীর ওপর এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘আবছার নামে ব্যক্তির দোকানে কয়েকজন অস্ত্রধারী এসে গুলি ছুড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।’
কেকে/এমএ