চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক মানের ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট।
রোববার (২২ নভেম্বর) সকালে চা বাগানঘেঁষা এলাকায় স্থাপিত লন্ডন টি এক্সচেঞ্জের এই ইউনিটের উদ্বোধন করেন পর্তুগিজ রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা।
এ উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের চায়ের ঐতিহ্যের সঙ্গে যুক্ত হলো পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবার ‘হাউস অব ব্রাগাঞ্জা’র পরিচিতি।
সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে আন্তর্জাতিক বাজারে বিশেষ করে ইউরোপে বাংলাদেশের চায়ের ব্র্যান্ডিং, পরিচিতি ও রপ্তানি সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন, বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প ইউনিটের পরিচালক মো. রফিকুল ইসলামসহ দেশি-বিদেশি চা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে ইনফান্তা মারিয়া বলেন, সিলেট টি এক্সচেঞ্জের আমন্ত্রণে এখানে আসতে পেরে তিনি আনন্দিত।
বাংলাদেশের চায়ের গুণগত মান, দীর্ঘ অভিজ্ঞতা ও ঐতিহ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার দায়িত্বকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
ইনফান্তা মারিয়া বলেন, বাংলাদেশের চায়ের গুণগত মান ও উৎপাদন-অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ। এখানকার চা-বাগানের সৌন্দর্য, মানুষের আন্তরিকতা এবং চায়ের মান তাঁকে মুগ্ধ করেছে।
তাঁর লক্ষ্য হলো, সম্ভাব্য সর্বোত্তম উপায়ে বাংলাদেশের চা বিশ্ববাজারে তুলে ধরা ও এর প্রচার করা।
তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববাজারে সিলেটের চা বিশেষ অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
শেখ অলিউর রহমান বলেন, বাংলাদেশি ও বিশেষ করে সিলেটের চা বিশ্বের প্রতিটি দেশে পরিচিত করে তোলাই তাঁদের মূল লক্ষ্য।
ইতোমধ্যে বিশ্বের ১৪টি দেশ সিলেটের চায়ের প্রতি আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।
চায়ের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে শেখ অলিউর রহমান বলেন, ‘লন্ডন টি এক্সচেঞ্জের মাধ্যমে বাজারজাতের জন্য প্রতিটি চা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। এতে চায়ের নিরাপত্তা ও বিশুদ্ধতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।’
তাঁদের চায়ে কোনো বাড়তি রং, প্রিজারভেটিভ বা কৃত্রিম উপাদান ব্যবহার করা হয় না বলেও জানান তিনি। নতুন এই প্যাকেজিং ইউনিটে চা প্যাকেজিংয়ের পাশাপাশি টি টেস্টিং সুবিধা ও ওয়্যারহাউসের ব্যবস্থা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এসব সুবিধা চায়ের গুণগত মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ এবং রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করবে। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ সিলেট অঞ্চলের চায়ের ঐতিহ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরা এবং রপ্তানি সম্প্রসারণে কাজ করছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে সিলেটের ঐতিহ্যবাহী চায়ের সঙ্গে পর্তুগিজ রাজপরিবারের ঐতিহাসিক পরিচিতির সমন্বয় ঘটেছে।
চা খাতসংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’ ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের চায়ের নতুন পরিচিতি তৈরি করবে। একই সঙ্গে ব্লেন্ডিং চা রপ্তানিতে নতুন গতি সঞ্চার এবং দেশের চা শিল্পের জন্য আন্তর্জাতিক বাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
কেকে/এমএ