দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রস্তুতি নিচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসি। প্রাথমিকভাবে ছয়টি পণ্যকে দুই ধাপে লেনদেনের জন্য নির্বাচন করা হয়েছে। প্রথম ধাপে স্বর্ণ, রৌপ্য ও অপরিশোধিত পাম অয়েল এবং দ্বিতীয় ধাপে ধান, ভুট্টা ও তুলা নিয়ে লেনদেন শুরুর পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার ক্রাউন প্লাজা হোটেলের সেলেস্টিয়াল বলরুমে কমোডিটি ডেরিভেটিভসের প্রি-লঞ্চিং ক্যাম্পেইন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানের আয়োজন করে সিএসই।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভির শাহরিয়ার গনি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
অনুষ্ঠানে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার কমোডিটি এক্সচেঞ্জবিষয়ক উপস্থাপনা দেন।
তিনি বলেন, ‘দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো ও নিয়ন্ত্রক কাঠামো প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে ছয়টি পণ্যকে দুই ধাপে লেনদেনের জন্য নির্বাচন করা হয়েছে।’
উপস্থাপনায় বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, আমদানিনির্ভরতা, দেশীয় উৎপাদন ও ভোগের পরিমাণ এবং পণ্যের বাজারমূল্যের ওঠানামার বিষয় তুলে ধরা হয়। প্রস্তাবিত কমোডিটি এক্সচেঞ্জের মূল লক্ষ্য পণ্যের মূল্যঝুঁকি নিয়ন্ত্রণ, বাজারে স্বচ্ছতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং ব্রোকার ও বিনিয়োগকারীদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করা।
মাসুদ খান বলেন, ‘বাংলাদেশের পুঁজিবাজারের জন্য এটি একটি ঐতিহাসিক মাইলফলক। সিএসই পণ্যভিত্তিক ডেরিভেটিভস লেনদেন চালুর প্রস্তুতি নিয়েছে। প্রাথমিকভাবে নগদ নিষ্পত্তি পদ্ধতিতে স্বর্ণ, রৌপ্য ও অপরিশোধিত পাম তেল নিয়ে এ কার্যক্রম শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে পুঁজিবাজারের কার্যক্রম শেয়ার ও বন্ডের গণ্ডি পেরিয়ে আরও বিস্তৃত হবে। পাশাপাশি পণ্যগুলোর জন্য মানদণ্ডভিত্তিক মূল্য নির্ধারণের পথ তৈরি হবে।’
তবে এ উদ্যোগের সফলতা বিনিয়োগকারীদের শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, শক্তিশালী মার্কেট মেকার তৈরি, ব্রোকারদের প্রয়োজনীয় প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি অঙ্গীকারের ওপর নির্ভর করবে বলে উল্লেখ করেন মাসুদ খান।
ডেরিভেটিভস বাজারের বিকাশ একটি ধীর ও ধারাবাহিক প্রক্রিয়া উল্লেখ করে এ ক্ষেত্রে ধৈর্য, সতর্কতা ও দূরদর্শিতার প্রয়োজনীয়তার কথাও বলেন। নতুন বাজারের টেকসই উন্নয়ন ও সফলতা নিশ্চিত করতে বিএসইসি এবং সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও এক্সচেঞ্জের প্রতিনিধি কমোডিটি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন ভারতের চেল্লা সফটওয়্যারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্বিয়া রাজাগোপাল, এবান্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অভিষেক প্রদীপ বনশাল, এমসিএক্সসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রিশি নাথানি, দুবাই গোল্ড অ্যান্ড কমোডিটিজ এক্সচেঞ্জের (ডিজিসিএক্স) ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা নাগেন্দ্রকুমার এবং ইন্দোনেশিয়া পাম অয়েল অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল ললিতা বানগুণ।
অনুষ্ঠানে সিএসই ও ডিজিসিএক্সের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। ডিজিসিএক্সের ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা নাগেন্দ্রকুমার এবং সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার এতে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের কমোডিটি ডেরিভেটিভস বাজারের অভিজ্ঞতা ও সাফল্যের আলোকে বাজার উন্নয়ন এবং আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠান দুটি।
অনুষ্ঠানে সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান সমাপনী বক্তব্য দেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক পণ্যমূল্যের ওঠানামার কারণে বাংলাদেশের ব্যবসায়প্রতিষ্ঠানগুলো বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়ছে। কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন, বাজারের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ততার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।’
এ সময় সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তর্জাতিক বক্তা এবং বিএসইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সিএসইর পরিচালক এমদাদুল ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরী, মোহাম্মদ নাসির উদ্দিন, মো. সাইফুল ইসলাম, ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
কেকে/এমএ