তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও কারখানা—উভয় পক্ষের তথ্যের ভিত্তিতে বড় পরিসরে বৈজ্ঞানিক ও প্রতিনিধিত্বশীল জরিপের তাগিদ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলেছে, জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি ও ব্যবসার সক্ষমতা বিবেচনায় নিয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬’-এর ১৪১ ধারার মানদণ্ড অনুসরণ করে মজুরি নির্ধারণ করা উচিত।
বিজিএমইএর পর্যবেক্ষণের জবাবে রোববার (২২ নভেম্বর) পাঠানো চিঠিতে এসব কথা জানিয়েছে সিপিডি। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খানের কাছে চিঠিটি পাঠিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ। বুধবার (১৮ নভেম্বর) তৈরি পোশাকশিল্পের ন্যূনতম মজুরি বিষয়ে সিপিডির এক উপস্থাপনার পরিপ্রেক্ষিতে বিজিএমইএ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চিঠি দিয়ে কয়েকটি পর্যবেক্ষণ তুলে ধরেছিল।
চিঠিতে সিপিডি জানায়, তাদের পর্যালোচনায় একটি পরিবারের সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনকারী সদস্য ১ দশমিক ৫৮ জন ধরা হয়েছে। বিভিন্ন প্রকাশিত গবেষণায় পাওয়া তথ্যের মধ্যমান (মিডিয়ান) হিসেবে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে। সংস্থাটির দাবি, কোনো একটি গবেষণার তুলনামূলক বেশি বা কম মানের প্রভাব এড়াতে মধ্যমান ব্যবহার করা যুক্তিসংগত। তবে এটি প্রতিনিধিত্বশীল নমুনাভিত্তিক জরিপের বিকল্প নয়।
সিপিডি বলেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয়-ব্যয় জরিপ (এইচআইইএস) ২০২২ অনুযায়ী শহরাঞ্চলে পরিবারের গড় সদস্যসংখ্যা ৪ দশমিক ১৮। জাতীয় পর্যায়ে এ সংখ্যা ৪ দশমিক ২৬। সেখানে সিপিডি চারজন ধরেছে। বিজিএমইএর প্রস্তাব অনুযায়ী বিবিএসের আর্থসামাজিক ও জনমিতিক জরিপ (এসইডিএস) ২০২৩’-এর ৩ দশমিক ৯৬ জন সদস্যসংখ্যা ব্যবহার করলেও মজুরির হিসাবে বড় পরিবর্তন হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
চিঠিতে দেওয়া হিসাব অনুযায়ী, পরিবারের সদস্যসংখ্যা চারজনের পরিবর্তে ৩ দশমিক ৯৬ জন ধরলে দারিদ্র্যসীমাভিত্তিক মজুরির হিসাব ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে কমে ১৮ হাজার ৩৯২ টাকা হবে। অর্থাৎ পার্থক্য মাত্র ১৮৬ টাকা।
উপার্জনকারী সদস্যসংখ্যার ক্ষেত্রে বিভিন্ন গবেষণায় পাওয়া তথ্য ১ দশমিক ৩৭ থেকে ২ দশমিক ১০ জনের মধ্যে রয়েছে। পাঁচটি উৎসের সরল গড় প্রায় ১ দশমিক ৬৭ জন এবং মধ্যমান ১ দশমিক ৫৮ জন। সিপিডি বলেছে, এই মধ্যমানকে তৈরি পোশাকশ্রমিকদের পরিবারের প্রকৃত গড় উপার্জনকারী সদস্যসংখ্যা হিসেবে দাবি করা হচ্ছে না। বরং তথ্যের সীমাবদ্ধতা বিবেচনায় একাধিক গবেষণার তথ্য ব্যবহার করা হয়েছে।
২০২৩ সালে সিপিডির নিজস্ব গবেষণায় ৭৬টি কারখানার ২২৮ জন শ্রমিকের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। ওই গবেষণার নমুনার প্রতিনিধিত্বশীলতা নিয়ে বিজিএমইএর তৎকালীন নেতৃত্ব প্রশ্ন তুলেছিল। এবার সিপিডি আগের গবেষণার পাশাপাশি এডিসির ১ হাজার ১১৯ শ্রমিক এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউএন উইমেনের ৫৫৩ শ্রমিকের ওপর পরিচালিত গবেষণাসহ বিভিন্ন উৎসের তথ্য বিবেচনা করেছে।
তবে এসব গবেষণার তথ্য একত্র করলেও তা নতুন একটি প্রতিনিধিত্বশীল জরিপের সমতুল্য নয় বলে স্বীকার করেছে সংস্থাটি।
দারিদ্র্যসীমা নির্ধারণে ঢাকা বিভাগের শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা ব্যবহারের পক্ষে যুক্তি তুলে ধরে সিপিডি জানায়, তৈরি পোশাকশ্রমিকদের বড় অংশ শহর ও শহরসংলগ্ন শিল্পাঞ্চলে বসবাস করেন। তাদের বাসাভাড়া দিতে হয় এবং দৈনন্দিন প্রয়োজনের অধিকাংশ পণ্য বাজার থেকে কিনতে হয়। তাই তাঁদের জীবনযাত্রার ব্যয় নির্ধারণে শহরাঞ্চলের দারিদ্র্যসীমা ব্যবহার যৌক্তিক। এই দারিদ্র্যসীমা শুধু ঢাকা মহানগরের জন্য নয়; ঢাকা বিভাগের শহরাঞ্চলের গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো শিল্পাঞ্চলের ক্ষেত্রেও প্রযোজ্য।
তবে শ্রমিকদের বসবাসের এলাকাভিত্তিক তথ্য পাওয়া গেলে শ্রমিকসংখ্যা অনুযায়ী ভারিত দারিদ্র্যসীমা নির্ধারণ আরও যথাযথ হতে পারে বলে মনে করে সিপিডি। এ জন্য বিজিএমইএর সদস্য কারখানাগুলোর এলাকাভিত্তিক শ্রমিকসংখ্যার তথ্য চেয়েছে সংস্থাটি। রপ্তানির পরিমাণ দিয়ে এ হিসাব নির্ধারণ করা যুক্তিসংগত নয় বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
খাদ্যবহির্ভূত ব্যয়ের সঙ্গে বাসাভাড়া যুক্ত করে একই ব্যয় দুবার গণনার অভিযোগের জবাবে সিপিডি জানিয়েছে, তারা বিবিএসের খাদ্যবহির্ভূত ব্যয় থেকে ঘরভাড়া এবং খাদ্যব্যয় থেকে তামাক বাদ দিয়ে অপরিহার্য ব্যয়ের হিসাব করেছে। পোশাক, ইউটিলিটি, শিক্ষা, যাতায়াত, ব্যক্তিগত পরিচর্যা ও যোগাযোগের খরচ এতে অন্তর্ভুক্ত ছিল।
ফলে আবাসন ব্যয় দুবার গণনা করা হয়নি বলে দাবি করেছে সংস্থাটি।
চিঠিতে বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশ করার বিষয়টিও ব্যাখ্যা করেছে সিপিডি। ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্তে কর্মরত শ্রমিকদের মজুরি বেড়েছে। তবে বার্ষিক ইনক্রিমেন্ট এবং নতুন শ্রমিকের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি এক বিষয় নয়। বর্তমানে সর্বনিম্ন গ্রেডে নতুন যোগদানকারী শ্রমিকের মোট ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। বার্ষিক ইনক্রিমেন্টে বিদ্যমান শ্রমিকদের মজুরি বাড়লেও নতুন শ্রমিকের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয় না। তবে এতে কারখানার মোট শ্রমব্যয় বেড়েছে।
সিপিডি জানিয়েছে, ন্যূনতম মজুরি আলোচনার ভিত্তি হিসেবে তারা এন্ট্রি গ্রেডকে গুরুত্ব দিয়েছে। অন্য গ্রেডগুলোর মজুরিও গুরুত্বপূর্ণ। দক্ষতা, দায়িত্ব, অভিজ্ঞতা ও উৎপাদনশীলতার ভিত্তিতে যৌক্তিক গ্রেডভিত্তিক মজুরিকাঠামো থাকা প্রয়োজন। তবে পর্যাপ্ত তথ্য ছাড়া প্রতিটি গ্রেডের জন্য আলাদা মজুরির অঙ্ক প্রস্তাব করা অনুমাননির্ভর হতো।
শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয়, সুদহার, রপ্তানিমূল্য ও যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ বিবেচনায় নিয়েই সুনির্দিষ্ট অঙ্কের পরিবর্তে মজুরির একটি পরিসর তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
তাদের মতে, মৌলিক চাহিদাভিত্তিক মজুরি নির্ধারণ করবে পরিসরের নিম্নসীমা, আর মজুরি দেওয়ার সক্ষমতা নির্ধারণ করবে উচ্চসীমা। তবে কারখানার ব্যয়, পণ্যের মূল্য ও মুনাফার হালনাগাদ তথ্য না থাকায় সক্ষমতা নিরূপণ কঠিন।
চিঠির শেষাংশে সিপিডি জানায়, তারা মজুরি বৃদ্ধির পক্ষে; তবে ভাঙচুর, সহিংসতা বা অস্থিরতা সমর্থন করে না। এতে শ্রমিক, শিল্প ও দেশ—সব পক্ষই ক্ষতিগ্রস্ত হয়।
একই সঙ্গে জ্বালানি সংকট, উচ্চ সুদহার ও দুর্নীতির মতো শাসনগত সমস্যার দায় শ্রমিকদের মজুরি কম রেখে তাঁদের ওপর চাপানো উচিত নয় বলে মত দিয়েছে সংস্থাটি।
বিজিএমইএর পর্যবেক্ষণ ও সিপিডির জবাব বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড শ্রমিকদের চাহিদা এবং দেশের অর্থনৈতিক বাস্তবতা—দুই দিকই গুরুত্ব দেবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি। এ বিষয়ে বিজিএমইএ, শ্রমিক সংগঠন ও অন্যান্য অংশীজনের সঙ্গে তথ্য ও বিশ্লেষণভিত্তিক সংলাপ অব্যাহত রাখতেও আগ্রহ জানিয়েছে সিপিডি।
কেকে/এমএ