শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সশস্ত্র বাহিনী দিবসে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      
অর্থনীতি
সিপিডির মজুরি প্রস্তাবে তথ্যগত অসংগতি দেখছে বিজিএমইএ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:১৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তৈরি পোশাকশ্রমিকদের জন্য ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকা পর্যন্ত ন্যূনতম মজুরির প্রস্তাবে তথ্য ও পদ্ধতিগত অসংগতি রয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটি বলেছে, শ্রমিকদের মজুরি নির্ধারণের ক্ষেত্রে জীবনযাত্রার আঞ্চলিক ব্যয়, উৎপাদন খরচ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাও বিবেচনায় নিতে হবে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) কাছে পাঠানো এক চিঠিতে এসব আপত্তি তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। গত ১৮ নভেম্বর সিপিডির উপস্থাপিত মজুরি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে সিপিডির গবেষণায় পোশাকশ্রমিকদের পরিবারের সদস্যসংখ্যা, পরিবারপ্রতি উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা, দারিদ্র্যসীমা এবং খাদ্যবহির্ভূত ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তুলেছে বিজিএমইএ।

বিজিএমইএর দাবি, সিপিডি পাঁচটি গবেষণা প্রতিবেদনের ভিত্তিতে একটি পরিবারের মধ্যক সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা ১ দশমিক ৫৮ জন ধরে হিসাব করেছে। তবে একাধিক গবেষণার তথ্য বিশ্লেষণে মধ্যকের পরিবর্তে গড় হিসাব ব্যবহার করা বেশি যুক্তিসংগত হতো।

সংগঠনটি উল্লেখ করেছে, সিপিডির ২০২৩ সালের নিজস্ব জরিপে পোশাকশ্রমিকদের পরিবারের গড় সদস্যসংখ্যা ৩ দশমিক ৭ জন এবং পরিবারপ্রতি উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা দুইজন পাওয়া গিয়েছিল। মাত্র তিন বছরের ব্যবধানে পরিবারের সদস্যসংখ্যা বাড়লেও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা কমে যাওয়ার কারণ নিয়েও প্রশ্ন তুলেছে বিজিএমইএ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৩ সালের আর্থসামাজিক ও জনমিতিক জরিপের তথ্য তুলে ধরে সংগঠনটি জানায়, দেশে গড় পরিবারের সদস্যসংখ্যা ২০০৪ সালে ৪ দশমিক ৬৬ জন, ২০১১ সালে ৪ দশমিক ৩৫ জন এবং ২০২৩ সালে কমে ৩ দশমিক ৯৬ জনে দাঁড়িয়েছে।

মজুরি নির্ধারণে পুরো পোশাকশিল্পের জন্য শুধু ঢাকা মহানগরের উচ্চ দারিদ্র্যসীমা বিবেচনায় নেওয়ারও বিরোধিতা করেছে বিজিএমইএ। সংগঠনটির মতে, ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী ঢাকায় জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি হলেও ঢাকা মহানগর ও গ্রামীণ ঢাকার গড় উচ্চ দারিদ্র্যসীমা ৪ হাজার ৫৭৮ টাকা বিবেচনা করা অধিক যুক্তিসংগত হতো। গ্রামীণ ঢাকার ক্ষেত্রে এ সীমা ছিল ৪ হাজার ২৩৪ টাকা।

বিজিএমইএ মনে করে, কারখানার অবস্থান, আঞ্চলিক দারিদ্র্যসীমা এবং রপ্তানির পরিমাণ বিবেচনায় নিয়ে উচ্চ দারিদ্র্যসীমার একটি ভারসাম্যপূর্ণ গড় নির্ধারণ করা প্রয়োজন। সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ এসেছে ঢাকা মহানগরের কারখানাগুলো থেকে। বাকি ৯১ শতাংশ এসেছে অন্যান্য এলাকার কারখানা থেকে। তাই একটি নির্দিষ্ট এলাকার জীবনযাত্রার ব্যয় দিয়ে পুরো শিল্পের মজুরি নির্ধারণ বিভ্রান্তিকর হতে পারে।

খাদ্যবহির্ভূত ব্যয়ের হিসাব নিয়েও আপত্তি জানিয়েছে সংগঠনটি। সিপিডি খাদ্য ব্যয়ের ০ দশমিক ৮৬৬৭ গুণ খাদ্যবহির্ভূত ব্যয় ধরে এর সঙ্গে বাড়িভাড়া বাবদ ১০ হাজার টাকা যোগ করেছে। বিজিএমইএর দাবি, ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপে খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যেই বাড়িভাড়াসহ অন্যান্য খরচ অন্তর্ভুক্ত রয়েছে। ফলে আলাদাভাবে বাড়িভাড়া যোগ করলে একই ব্যয় দুইবার গণনার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা হলেও পরবর্তী সময়ের বার্ষিক মজুরি বৃদ্ধি হিসাব করা হয়নি বলে অভিযোগ করেছে বিজিএমইএ। সংগঠনটির মতে, ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার ঘোষিত ৯ শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধির বিষয়টিও সিপিডির হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। একই সঙ্গে সিপিডির প্রস্তাবে শুধু প্রবেশ পর্যায়ের গ্রেডের মজুরি বিবেচনা করা হয়েছে, শ্রমিকদের দাবিতে থাকা অন্যান্য গ্রেডের মজুরি চাহিদা নিয়ে স্পষ্ট মূল্যায়ন নেই।

বিজিএমইএ বলেছে, মজুরি নির্ধারণের ক্ষেত্রে পোশাকশিল্পের গড় মজুরি ব্যয়, ভারত ও পাকিস্তানের মতো প্রতিযোগী দেশের শ্রমিকদের গড় মজুরি এবং বাংলাদেশের কাঠামোগত সীমাবদ্ধতাও বিবেচনায় নিতে হবে। এসব সীমাবদ্ধতার মধ্যে রয়েছে জ্বালানি সংকট, উচ্চ সুদহার ও পরিবহন ব্যয়।

সংগঠনটির দাবি, গত তিন বছরে উৎপাদন ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে। বিপরীতে রপ্তানি পণ্যের দাম কমেছে ২ দশমিক ৬ শতাংশ। খেলাপি ঋণ বৃদ্ধির কারণে ব্যাংকঋণের সুদহারও ১২ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে। একই সময়ে রপ্তানি প্রণোদনা কমেছে প্রায় ৭০ শতাংশ। এসব চাপের কারণে গত তিন বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এবং আরও অনেক কারখানা আর্থিক ঝুঁকিতে রয়েছে।

বিজিএমইএর চিঠিতে ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন দেশের ন্যূনতম মজুরি বৃদ্ধির তুলনাও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে এ সময়ে ন্যূনতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ। বিপরীতে ভারতে ৫৯ শতাংশ, ভিয়েতনামে ৫৪ শতাংশ এবং কম্বোডিয়ায় ৫০ শতাংশ বেড়েছে।

এ ছাড়া গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিনিয়োগ কমে যাওয়া, নীতিগত অস্থিরতা, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্রের ১০ থেকে ২০ শতাংশ শুল্ককে পোশাকশিল্পের জন্য বাড়তি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি। বিজিএমইএর মতে, ভারত ও ভিয়েতনাম ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। অন্যদিকে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ বিদ্যমান বাণিজ্য সুবিধা হারানোর ঝুঁকিতে রয়েছে।

চিঠিতে সিপিডিকে এসব বিষয় বিবেচনায় নিয়ে মজুরি প্রস্তাব পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটির মতে, শ্রমিকদের স্বার্থ সুরক্ষা এবং পোশাকশিল্পের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে তথ্যভিত্তিক ও বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা প্রয়োজন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  সিপিডি   বিজিএমইএ   মজুরি প্রস্তাব  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close