প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক সংলাপে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এ বৈঠক শুরু হয়।
এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জুলাই আন্দোলনের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এনসিপির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকের মধ্য দিয়েই সরকারপ্রধানের রাজনৈতিক সংলাপের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
এর আগে দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধ সংগঠনগুলোর ধারাবাহিক সহিংসতার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গত বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান একান্ত বৈঠক করেন। ওই বৈঠকের পরিপ্রেক্ষিতেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়া হয়।
এর ধারাবাহিকতায় পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটসহ জুলাই আন্দোলনের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কেকে/সাশ