শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      
রাজনীতি
মোহাম্মদপুরে পাঁচ দিনে নাশকতায় গ্রেপ্তার ২৭, মামলা পাঁচ
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:২৯ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

রাজধানীর মোহাম্মদপুরে একের পর এক ককটেল বিস্ফোরণ, হাতবোমা উদ্ধার ও নাশকতার ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত এসব ঘটনায় ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্ফোরক আইনে করা হয়েছে পাঁচটি মামলা। শুধু মোহাম্মদপুর নয়, পার্শ্ববর্তী আদাবর ও শেরেবাংলা নগর এলাকাতেও নাশকতার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১টা ৪৫ মিনিটে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ৯ নম্বর সড়কের শেষ মাথায় নদীর পাড়ের ওয়াকওয়ে এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের পাশ থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান সোহেল (৩০) ও রনি ওরফে গ্যাস রনি (২৮)। সোহেলের বাড়ি ভোলার চরফ্যাশনে এবং রনির বাড়ি মাদারীপুরে। তারা দুজনই মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নদীর পাড়ে প্লাস্টিকের বস্তা দিয়ে ঢাকা অবস্থায় লাল কসটেপে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশের দাবি, মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের নির্দেশে তার সহযোগী সুমন ও শাহিনের নেতৃত্বে তারা ককটেল বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং দলীয় মিছিলের প্রস্তুতির উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লকডাউনের ঘোষণার পর একাধিক স্থানে বিস্ফোরণ

গত মঙ্লবার (১৭) নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা এলাকায় লকডাউনের ঘোষণা দেন নিষিদ্ধ সংগঠনের নেতা ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব।

তিনি বুধবার (১৮) নভেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই তিন থানা এলাকায় কর্মসূচি পালনের আহ্বান জানান। নানকের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। দলীয় সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় বাতিল এবং গোপালগঞ্জে সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদ ও সংহতি জানাতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এরপর মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শ্যামলী, মিরপুর রোড, তিন রাস্তার মোড়, শিয়া মসজিদ রিং রোড এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন এলাকায় এসব বিস্ফোরণের খবর পাওয়া যায়। একই দিনে চার থেকে পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের আগেই বিভিন্ন স্থান থেকে তাজা ককটেলসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

শ্যামলীতে হাতবোমাসহ আটক তিন 

গত শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর শ্যামলী এলাকায় হাতবোমাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আদাবর থানা এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ     

টানা কয়েক দিনের ককটেল বিস্ফোরণ, হাতবোমা উদ্ধার ও একাধিক গ্রেপ্তারের ঘটনায় মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল স্থানে বিস্ফোরণের ঘটনায় জননিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, বিস্ফোরক উদ্ধারে অভিযান জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। রাজধানীর গুরুত্বপূর্ণ এই তিন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  মোহামদপুর   নাশকতা   ককটেল বিস্ফোরণ   গ্রেপ্তার   আইনশৃঙ্খলা পরিস্থিতি   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close