আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব কি না, তাও খতিয়ে দেখছে সরকার।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান-২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে ভেবেছিল, সরকারও তাদের মতো গুলি চালিয়ে পরিস্থিতি মোকাবিলা করবে। তবে বর্তমান সরকার তাদের পথ অনুসরণ করবে না। আইন অনুযায়ীই পরিস্থিতি মোকাবিলা করা হবে।’
তিনি আরও বলেন, ‘গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ দেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। অথচ এসব ঘটনার জন্য দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই।’
অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিগত ১৬ বছরের রাজনৈতিক সহিংসতা ও নিপীড়নের চিত্র তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ১৬ বছরে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে এবং দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনে অংশ নিতে গিয়ে আমাদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধা গুলিতে নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডকে ক্রসফায়ার হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘৭০০-এর বেশি সহযোদ্ধাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল। তাদের অনেকেই এখনো ফিরে আসেননি। অনেক স্বজন এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে চোখের পানি ফেলেন। প্রিয়জনের ফিরে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।’
তিনি বলেন, ‘গণতন্ত্রের কথা বলতে গিয়ে লাখ লাখ বিরোধীদলীয় নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছেন। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে কথা বলায় বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন।’
জেন-জির ভূমিকার প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিনের দুঃসময় থেকে দেশ ও জাতিকে বের করে আনতে জেন-জি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘জেন-জি নিজেদের ক্ষত, স্বজন হারানোর বেদনা, স্বজনদের আহাজারি ও বন্ধু-সতীর্থদের আর্তচিৎকার ভুলে যায়নি। এই প্রজন্মকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম চালিয়ে যাব।’
কেকে/ এসএমএন