কিশোরগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেলা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের বারান্দায় আগুন ধরে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুনের ভয়াবহ দৃশ্য দেখা গেলেও বড় অগ্নিকাণ্ডের বিষয়টি নাকচ করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পেট্রোল বোমা নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
এর আগে রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে জেলা শহরের নগুয়া বটতলা এলাকায় অবস্থিত দুদক কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুখ কাপড়ে ঢেকে কয়েকজন ব্যক্তি দুদক কার্যালয়ের বারান্দা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমাটি কার্যালয়ের বারান্দায় বিস্ফোরিত হয়ে কিছুক্ষণ আগুন জ্বলে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে আটক করতে পারেনি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল বলেন, ‘শহরের ব্যস্ততম এলাকায় রাত পর্যন্ত জনসমাগম থাকা সত্ত্বেও রাত ১১টার দিকে দুদক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।’
তিনি বলেন, ‘দুদক কার্যালয়টি অফিসের পাশাপাশি বাসা হিসেবেও ব্যবহৃত হয়। এ ধরনের হামলার পেছনে মানুষের প্রাণহানি কিংবা কমিশনের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।’
ঘটনাটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ হামলা শহরের নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছে উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের উপপরিচালক ইকবাল হোসেন জানান, রোববার রাত সোয়া ১১টার দিকে মুখোশধারী কয়েকজন ব্যক্তি কার্যালয়ের দ্বিতীয় তলার বারান্দা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমাটি সেখানে বিস্ফোরিত হয়ে কিছুক্ষণ আগুন জ্বলে। পরে আগুন নিভে যায়। এতে কার্যালয়ের তেমন কোনো ক্ষতি হয়নি। তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘কাঁচের বোতলে পেট্রোল ভরে আগুন ধরিয়ে কার্যালয় লক্ষ্য করে ছুড়ে মারা হয়। বোতলটি জানালার গ্রিলে লেগে ভেঙে বারান্দার ভেতরে পড়ে। আগুন মূলত ওপরের সিলিংয়ের দেয়াল পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কার্যালয়ের ব্যানার বা অন্যান্য সামগ্রী পুড়ে যাওয়ার মতো বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেনি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুনের যে ব্যাপক দৃশ্য দেখা যাচ্ছে, তা বাস্তব ঘটনার সঙ্গে পুরোপুরি মেলে না বলে জানান ওসি। ভিডিওতে আগুনের ফুলকি ও দাউদাউ করে জ্বলার দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন তিনি।
তিনি আরও বলেন, ‘হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
কেকে/ এসএমএন