মেয়ের বাড়িতে বেড়াতে এসে আর নিজ বাড়িতে ফেরা হলো না নুর বানুর (৪৯)। জয়পুরহাটের কালাই উপজেলায় সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পুনট কোল্ড স্টোরেজ এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর বানু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হায়বত আলীর মেয়ে। তিনি কালাই উপজেলার নান্দাইলদিঘী গ্রামে মেয়ে ও জামাতা এনামুল হকের বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক আব্দুর রাজ্জাক ও পেছনে বসা শাকিলকে আটক করা হয়। তারা দুজনই সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নিহতের জামাতা এনামুল হকের সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার বিকেলে নুর বানু মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার দুপুর ১২টার দিকে খাওয়া-দাওয়া শেষে নিজ বাড়ি বগুড়ার শিবগঞ্জে ফেরার উদ্দেশ্যে বের হন। বেলা সাড়ে ১২টার দিকে পুনট কোল্ড স্টোরেজের সামনে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জনতার হাতে আটক দুই মোটরসাইকেল আরোহীকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় পাঠায়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, নিহত নারীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর জনতার হাতে আটক মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
কেকে/সাশ