বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ১৯ হাজার ৯৫০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক বহনের অভিযোগে মনির আহম্মেদ (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর দপ্তরের ১ নম্বর জিপি গেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর দপ্তরের ১ নম্বর জিপি গেটের সামনে সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালান বিজিবি সদস্যরা। এ সময় অটোরিকশায় থাকা মনির আহম্মেদকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে সবুজ রঙের ২০০ পিস ও হলুদ রঙের ১৯ হাজার ৭৫০ পিসসহ মোট ১৯ হাজার ৯৫০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মনির আহম্মেদ কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার জব্দমূল্য ৫৯ লাখ ৮৫ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটির মূল্য চার লাখ টাকা। সব মিলিয়ে অভিযানে জব্দ করা মালামালের মোট মূল্য ৬৩ লাখ ৮৫ হাজার টাকা।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির পিএসসি (ইঞ্জিনিয়ার্স) বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তঃসীমান্ত অপরাধ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। আটক ব্যক্তি, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কেকে/সাশ