তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরিতে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) চতুর্থবারের মতো সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ড সূত্রে জানা গেছে, আজকের সভার আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্প খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে পাঠানো নোটিশে সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেয়। তবে ওই প্রস্তাবে কত টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বোর্ড। সভায় প্রস্তাবটি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনা হয়। উভয় পক্ষ নিজেদের অবস্থান ও যুক্তি তুলে ধরে।
সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিক ও শ্রমিকপক্ষের দেওয়া প্রস্তাব এবং যুক্তি পর্যালোচনা করে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। সমঝোতায় পৌঁছাতে দুই পক্ষ সংশোধিত প্রস্তাবও দেবে বলে জানানো হয়েছে।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এই মজুরি কাঠামো একই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাড়িভাড়া, চিকিৎসা ব্যয় ও সামগ্রিক জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় নতুন করে মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা।
কেকে/সাশ