ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চার শতাধিক কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের চিকিৎসা বীমা সুরক্ষা দিতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এ চুক্তির আওতায় কর্মী ও তাদের পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি, চিকিৎসকের পরামর্শসহ বীমার আওতাভুক্ত বিভিন্ন চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সুবিধা পাবেন।
চিকিৎসাসংক্রান্ত ব্যয় মেটাতে কর্মী ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, গ্রাহকের প্রয়োজন অনুযায়ী বীমা পরিকল্পনা, ডিজিটাল সেবা, ক্যাশলেস হাসপাতালে ভর্তির সুবিধা এবং আর্থিক সক্ষমতার বিবেচনায় ইউনিলিভার তাদের বীমা সেবাদাতা হিসেবে মেটলাইফকে বেছে নিয়েছে।
মেটলাইফ ২০২৫ সালে ২ হাজার ৮৫৩ কোটি টাকা এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। উভয় সময়েই জীবন বীমা খাতে সর্বোচ্চ দাবি পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের কর্মীরাই প্রতিষ্ঠানের সাফল্যের মূল শক্তি। মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চিকিৎসা বীমা সংক্রান্ত এ অংশীদারিত্বের মাধ্যমে কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও কল্যাণের প্রতি আমাদের অঙ্গীকার আরও জোরালো হচ্ছে। এর মাধ্যমে তারা মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সুরক্ষা লাভ করবেন।’
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘চিকিৎসার খরচ মেটাতে নিয়োগকর্তা প্রতিষ্ঠানের সহায়তা, কর্মী ও তাদের পরিবারের সদস্যদের আর্থিক দুশ্চিন্তা কমাতে এবং মানসিক স্বস্তি দিতে পারে। ইউনিলিভার বাংলাদেশের কর্মীদের এ নিশ্চয়তা দিতে প্রতিষ্ঠানটির পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।’
ইউনিলিভার বাংলাদেশ দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি। সৌন্দর্য ও সুস্থতা, ব্যক্তিগত পরিচর্যা, গৃহস্থালি পরিচর্যা এবং পুষ্টি খাতে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্য রয়েছে।
অন্যদিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বর্তমানে প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহককে বীমা সেবা দিচ্ছে। এছাড়া ৯০০টির বেশি প্রতিষ্ঠানের তিন লাখেরও বেশি কর্মী ও তাদের নির্ভরশীল পরিবারের সদস্যরা প্রতিষ্ঠানটির বীমা সুবিধার আওতায় রয়েছেন।
চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউনিলিভার বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান, সিএফও ও ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক, হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির, হেড অব লিগ্যাল অ্যান্ড হোম কেয়ার জেনারেল কাউন্সেল আবদুল্লাহ জোবায়ের এবং হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং লিড ডা. আফরোজা আমিন।
মেটলাইফ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মুশফিকুর রায়হান এবং ম্যানেজার শাফায়েত ভূঁইয়া।
কেকে/ এসএমএন