চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজিচালিত অটোরিকশায় করে বাজারে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছেন মুখোশধারী দুর্বৃত্তরা। এতে পথচারী ও ব্যবসায়ীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালককে আটক করেছেন স্থানীয় লোকজন। তবে গুলি ছোড়া পাঁচ ব্যক্তি পালিয়ে গেছেন।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার চুঁরখারহাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচজন ব্যক্তি সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে চুঁরখারহাট বাজারে আসেন। তাদের কয়েকজনের মুখে মাস্ক ও মাথায় মাংকি টুপি ছিল। বাজারের মাজার গেটের সামনে পৌঁছে অটোরিকশায় বসেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। পরে অটোরিকশাটি নিয়ে চৌমুহনী মোড়ের দিকে চলে যান। সেখানেও কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যান তারা।
গুলিবর্ষণে আহত ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তারা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে।
অটোরিকশাচালক জাবেদ হোসেন জানান, নাজিরহাটের ঝংকার মোড় থেকে শোভনছড়ি যাওয়ার কথা বলে দুই ব্যক্তি তার অটোরিকশা ভাড়া করেন। পরে শোভনছড়ি থেকে আরও তিনজন তাদের সঙ্গে যোগ দেন। পাঁচজনকে নিয়ে চুঁরখারহাট বাজারে পৌঁছানোর পর অটোরিকশায় বসেই তারা গুলি ছুড়তে শুরু করেন। পরে তারা অটোরিকশাটি নিয়ে চৌমুহনী মোড়ের দিকে চলে যান। ওই পাঁচজনের সবার কাছে অস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি।
প্রত্যক্ষদর্শী মুহাম্মদ হাসান বলেন, অটোরিকশায় করে পাঁচজন ব্যক্তি এসে বাজারের মোড়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে অটোরিকশাচালককে আটক করেন। অন্যরা পালিয়ে গেছেন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি পুলিশের হেফাজতে রয়েছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘আমি বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।’
কেকে/সাশ