মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বাস্তবতা ও প্রত্যাশা এক নয়, শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে হুমায়ুন কবির      ● ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা      ● উত্তরাঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল কয়েকটি দেশ      ● দেশের বিভিন্ন স্থানে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ চতুর্থ সভায় বসছে বোর্ড      ● আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      
দেশজুড়ে
‘আমি কারাগারে ছিলাম, কিন্তু আমার বিবেক বন্দি হয়নি’—রঞ্জন
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:২৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘আমি কারাগারে ছিলাম, কিন্তু আমার বিবেক বন্দি হয়নি’—৩৩ দিনের কারাবাসের অভিজ্ঞতা, বিমানবন্দরের অব্যবস্থাপনা, আইনি লড়াই এবং প্রবাসীদের ভালোবাসার কথা তুলে ধরে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কারাবাসের অভিজ্ঞতা ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ তুলে ধরেন তিনি। একই সঙ্গে বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে কয়েকটি প্রস্তাব এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পোস্টে আখতারুজ্জামান রঞ্জন জানান, গত ১ অক্টোবর পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তার সফরসঙ্গী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যরা।

বিমানবন্দরে পৌঁছানোর পর লাগেজ ও ট্রলির সংকট এবং জমজমের পানি পেতে বিলম্ব হওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘ অপেক্ষার পরও অনেক যাত্রী লাগেজ না পাওয়ায় বিমানবন্দর কর্মকর্তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে দুপুর ১২টার দিকে তিনি প্রতিবাদ করেন। তার দাবি, উপস্থিত যাত্রীরা তার প্রতিবাদে সমর্থন জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষও অভিযোগের বিষয়টি স্বীকার করে।

তবে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় বলে পোস্টে উল্লেখ করেন তিনি। তার অভিযোগ, বিমানবন্দরের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করায় ওই রাতেই বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটিকে সাজানো দাবি করে তিনি বলেন, ন্যায়সংগত প্রতিবাদ দমন করতেই তাকে আইনি জটিলতায় জড়ানো হয়েছে।

পরদিন ২ অক্টোবর বিকেল ৫টায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এক রাত থানায় আটক থাকার পর ৩ অক্টোবর আদালতে হাজির করা হলে পুলিশ চার দিনের রিমান্ড আবেদন করে। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৪ অক্টোবর রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে তাঁকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়।

পরবর্তী সময়ে অধস্তন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। গত ১ নভেম্বর বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। পরে ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। গ্রেপ্তার থেকে মুক্তি পর্যন্ত ৩৩ দিন আটক ছিলেন বলে পোস্টে উল্লেখ করেন আখতারুজ্জামান রঞ্জন। মামলাটি এখনো তদন্তাধীন থাকায় আইনি লড়াই শেষ হয়নি বলেও জানান তিনি।

কারাবাসের সময় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত অসংখ্য প্রবাসী বাংলাদেশি তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। প্রবাসীদের ভালোবাসা, সমর্থন ও সংহতিকে জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি হিসেবে বর্ণনা করে তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশের মানুষের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী তার বিপদের সময়ে পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে দলটির প্রতি আস্থা প্রকাশ করেন তিনি। তার মতে, রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা নয়; মানুষের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং জনগণের প্রতি জবাবদিহি নিশ্চিত করাই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত।

বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে চারটি প্রস্তাব তুলে ধরেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। প্রস্তাবগুলো হলো—লাগেজ সরবরাহের সময়সীমা নির্ধারণ ও প্রকাশ, লাগেজ বিলম্বের কারণ অনুসন্ধান এবং দায়বদ্ধতা নিশ্চিত করা, কার্যকর ও স্বচ্ছ অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা চালু করা এবং যাত্রী হয়রানি বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা।

তিনি বলেন, বিমানবন্দরে প্রত্যেক যাত্রী যেন সম্মানজনক, নিরাপদ ও হয়রানিমুক্ত সেবা পান। এটি কোনো ব্যক্তি বা দলের একক দাবি নয়; সাধারণ নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য প্রত্যাশা।

পোস্টে পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের ১০৪ নম্বর আয়াত উল্লেখ করে সৎকাজের প্রসার ও অসৎকাজ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন তিনি।

নিজের সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আখতারুজ্জামান রঞ্জন বলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সংখ্যাগরিষ্ঠ হওয়ার প্রয়োজন নেই। একজন মানুষ একাই প্রতিবাদ শুরু করতে পারেন। তবে সেই প্রতিবাদকে শক্তিশালী করতে মানুষের আস্থা, সমর্থন ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

পোস্টের শেষাংশে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রয়াত পিতা-মাতার জন্য দোয়া করেন তিনি। একই সঙ্গে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা, সৎ কাজ করা এবং অন্যায়ের সামনে মাথা নত না করার মানসিকতাকে জীবনের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ১ অক্টোবর মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। লাগেজ ও ট্রলির সংকট এবং জমজমের পানি পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে বিমানবন্দর কর্মকর্তাদের বাগ্‌বিতণ্ডা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। 

এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই রাতেই আখতারুজ্জামান রঞ্জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অধস্তন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট জামিন মঞ্জুর করলে ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মো. আখতারুজ্জামান রঞ্জন   জামায়াত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close