প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, কোনো সন্ত্রাসীকে প্রত্যর্পণ ছাড়া কখনোই বাংলাদেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘মনের জ্বালায় পয়সা দিয়ে, অর্থাৎ ভাড়া করে অনেক কিছু লেখানো যেতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা সম্পূর্ণ আলাদা বিষয়। এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না।’
শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘আকাঙ্ক্ষা থাকতে পারে। কিন্তু খাটে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখার মতো বিষয় এটি। দুঃস্বপ্নে দেখছেন, আমি হেঁটে হেঁটে বাংলাদেশে চলে যাচ্ছি, কিংবা বিমানে করে চলে যাচ্ছি।’
শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তিনি সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা সম্ভব। এ বিষয়ে এটুকুই বলার আছে।
কেকে/সাশ